২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চৌহালি-বেলকুচির নারীর দারিদ্র্য ঘোচাতে প্রকল্প

সিরাজগঞ্জের ভাঙন কবলিত এলাকার দুস্থ নারীদের দারিদ্র্য ঘোচাতে প্রায় ৩৯ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 07:06 PM

Updated : 25 Apr 2022, 12:51 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্প অনুমোদন পায়।

‘ইমপ্রুভমেন্ট কমপোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ শীর্ষক এ প্রকল্প বাস্তবায়িত হবে সিরাজগঞ্জ জেলার চৌহালি ও বেলকুচি উপজেলায়।

নদী ভাঙনসহ প্রাকৃতিক দুর্যোগকবলিত এই চর এলাকায় অর্থনৈতিক সুযোগ-সুবিধা ও যোগাযোগ ব্যবস্থার অপর্যাপ্ততার কারণে বেকারত্বের হারও বেশি। এ প্রকল্প বাস্তবায়িত হলে দুই উপজেলার ২১ হাজার দুস্থ নারীর জীবিকার সংস্থান হবে।

কার্যপত্রে বলা হয়েছে, ওই এলাকার অতি দরিদ্র নারীদের সহায়তার মাধ্যমে তাদের পরিবারকে দরিদ্র দশা থেকে বের করে আনার লক্ষ্যেই প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হবে দুই পর্যায়ে। প্রথমে প্রকল্প এলাকার দুস্থ নারীদের আয়বর্ধক কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর তাদের ১৫ হাজার টাকা করে থোক বরাদ্দ দেওয়া হবে, যাতে তারা ক্ষুদ্র উদ্যোক্তা হতে পারেন।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের বলেন, “আমরা বিশ্বাস করি এ কাজটি করতে পারলে হতদরিদ্র এসব পরিবার দরিদ্রাবস্থা থেকে বের হয়ে আসতে পারবে। সেই সাথে এটা টেকসইও হবে।”

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ২০১৮ সালের জুনের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন করবে বলে জানান তিনি।

৩৮ কোটি ৮৮লাখ টাকার এ প্রকল্পে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ২৯ কোটি টাকা দেবে প্রকল্প সাহায্য হিসাবে। বাকি টাকা সরকার যোগাবে।

পার্বত্য জেলা খাগড়াছড়ির পুরোনো ও ক্ষতিগ্রস্ত বেইলি সেতুর জায়গায় পিসি গার্ডার ও আরসিসি সেতু এবং আরসিসি বক্স কালভার্ট নির্মাণের জন্য একনেকের সভায় ১৯০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি পাঁচতলা ছাত্র হল এবং একটি ছাত্রী হল নির্মাণের জন্য ৭০ কোটি ৫৮ লাখ টাকার আরেকটি প্রকল্প অনুমোদন পেয়েছে।

রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেকের এই সভা হয়।