ধানের ফলন বাড়ানোর প্রযুক্তি দেবে চীন
কৃষি সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশকে উচ্চ ফলনশীল জাতের ধান উৎপাদনের প্রযুক্তি দেবে চীন।
সোমবার তিন দিনের সফর শেষে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ঢাকা ছাড়ার পর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ তথ্য জানান।
তিনি বলেন, শিগগিরই একটি ধান গবেষণা কেন্দ্র স্থাপনে ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ নেওয়া হবে।
ওয়াং ই-এর সফরে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন মাত্রা যুক্ত হয়েছে এবং ঢাকা-বেইজিং সম্পর্ক আরও দৃঢ় হয়েছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এই সফরটি অত্যন্ত সফল ছিল।”
উচ্চ ফলনশীল ধান উৎপাদনের প্রযুক্তি আদান-প্রদান নিয়ে তিনি বলেন, “এটি একটি বড় ঘটনা। ঘনবসতিপূর্ণ বাংলাদেশের শিগগিরই খাদ্য উৎপাদন বাড়ানোর প্রয়োজন রয়েছে।”
তিনি বলেন, “ধানের বিভিন্ন প্রজাতির প্রযুক্তি লেনদেনের মাধ্যমে এ ব্যাপারে সহযোগিতা পাওয়া যাবে।”
এসময় পররাষ্ট্রমন্ত্রী শ্রীলংকার উদাহরণ টেনে ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য ত্রিপুরাতেও চাল রপ্তানির পরিকল্পনার কথা জানান।
এ বছরের জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের প্রেক্ষাপটে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ১১ সদস্যের প্রতিনিধি দল নিয়ে এই সফর করলেন।
ঢাকায় অনুষ্ঠেয় চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে আগামী বছর আয়োজিত অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্টের উপস্থিত থাকার কথা রয়েছে।
ওই অনুষ্ঠানের অংশ হিসেবে আগামী বছর চীনে ১০০ জন বাংলাদেশি তরুণ-তরুণী সফরের কথা রয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, কর্ণফুলী নদীর নিচ দিয়ে টানেল নির্মাণের কাজ উদ্বোধন হওয়ার সময় চীনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ঢাকায় আসবেন বলে আশা করা হচ্ছে। এক হাজার ২০০ কোটি ডলার ব্যয়ের ওই প্রকল্পটি চীনা অর্থায়নে তৈরি হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে বাংলাদেশ যে সংযোগস্থল হওয়ার স্বপ্ন দেখছে, তাতে চীনের সমর্থন রয়েছে।
আবুল হাসান মাহমুদ আলী জানান, সাংহাই কোঅপারেশন অরগাইনাজেশন (এসসিও) এবং এশিয়া প্যাসিফিক ইকোনোমিক কোঅপারেশন (অ্যাপেক)-এর সদস্য হওয়ার ব্যাপারেও বাংলাদেশকে চীন সহায়তা করবে বলে আশ্বস্ত করেছে।
তিনি জানান, ২০১৫ পরবর্তী উন্নয়ন পরিকল্পনা এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা নিবিড়ভাবে চালানোর বিষয়ে দুইপক্ষই একমত হয়েছে।
এছাড়া প্রস্তাবিত বাংলাদেশ-চীন-ভারত ও মিয়ানমারের (বিসিআইএম) অর্থনৈতিক করিডোর চালুর ব্যাপারেও জোর দিয়েছে চীন।
দ্বিপক্ষীয় আলোচনার সময়ে দুইদেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে চীন মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “মুক্ত বাণিজ্যের ব্যাপারে আলোচনায় এগোতে সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে নিতে হবে। কেননা কোন কোন বিশ্লেষকের মতে এতে চীনের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি আরও বাড়তে পারে।”
তিনি বলেন, “চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে পাঁচটি বিষয়ে জোর দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। এগুলো হলো- বাণিজ্য, কৃষি, শিল্প, জ্বালানি এবং অবকাঠামো।
“এছাড়া বাণিজ্য ও শিল্প সংক্রান্ত যৌথ ওয়ার্কিং গ্রুপ এবং দ্বিপক্ষীয় বিনিয়োগ ফোরাম গঠনে বাংলাদেশের দেওয়া প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।”
আবুল হাসান জানান, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন চীনের কোম্পানিগুলো বাংলাদেশে তাদের কারখানা স্থাপনের বিষয়ে আগ্রহী।
এছাড়া পাওয়ার প্ল্যান্ট স্থাপন এবং তেল ও গ্যাস অনুসন্ধানের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
