কেওয়াইসি না থাকলে হিসাব বন্ধ নয়: বাংলাদেশ ব্যাংক
সঠিক ও পূর্ণাঙ্গ পরিচিতি (কেওয়াইসি) না থাকলেও গ্রাহকের হিসাব বন্ধ করার পরিবর্তে ‘সুপ্ত’ করে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এ ধরনের গ্রাহকরা ওই হিসাব থেকে অর্থ উত্তোলন করতে না পারলেও জমা দিতে পারবেন।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে রোববার এ সংক্রান্ত সার্কুলার জারি করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
মানি লন্ডারিং, সন্ত্রাস বা জঙ্গি অর্থায়ন প্রতিরোধে এই ইউনিট কাজ করে।
এমন প্রেক্ষাপটে নির্দেশনার যথাযথ পরিপালনের জন্য এবং ব্যাংকিং রীতি-নীতির বাইরে কোন হিসাব বন্ধ না করার জন্য নির্দেশনা দেওয়া যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০০২ সালের আগে ব্যাংকগুলো নিজেদের মতো করে গ্রাহকের হিসাব খুলতো।
২০০২ সালের কেন্দ্রীয় ব্যাংক এক সার্কুলারের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার আগে গ্রাহকের সঠিক ও পূর্ণাঙ্গ পরিচিতি (কেওয়াইসি) সংগ্রহ ও সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়।
এরপর ২০০৫ সালের জুলাই মাসে এক নির্দেশনায় ২০০২ সালের ৩০ এপ্রিলের আগে খোলা সব হিসাবের কেওয়াইসি নিতে বলা হয়। এজন্য ব্যাংকগুলোকে প্রথমে ২০১০ সালের ৩০ এপ্রিল এবং পরে ২০১২ সাল পর্যন্ত সময় দেওয়া হয়।
তবে নির্ধারিত সময়ে অনেক ব্যাংক গ্রাহকের পূর্ণাঙ্গ পরিচিতি সংগ্রহ ও হিসাবের তথ্য হালনাগাদ করতে পারেনি। বিএফআইইউর পরিদর্শনে বিষয়টি ধরা পড়ার পর সাতটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানকে গত নভেম্বরে জরিমানা করা হয়।
এরই ধারাবাহিকতায় অনেক ব্যাংক কেওয়াইসি সম্পন্ন না হওয়া গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে বলে বাংলাদেশ ব্যাংকের কাছে তথ্য এসেছে।
জরিমানার পর গত ৩০ নভেম্বর ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির পক্ষ থেকে পত্রিকায় ‘অ্যাকাউন্টে গ্রাহক তথ্য হালনাগাদ করুন’ শিরেনামে একটি জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হয়।
