২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পঞ্চবার্ষিক পরিকল্পনায় বিনিয়োগে প্রাধান্য’

সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বিনিয়োগকে সবচেয়ে বেশি প্রধান্য দেয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 07:53 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

বুধবার মন্ত্রী এক প্রশিক্ষণ কর্মশালায় বলেন, “সরকার খুব শিগগিরই সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করতে যাচ্ছি। এতে বিনিয়োগকে সবচেয়ে বেশি প্রধান্য দেয়া হবে যাতে করে জিডিপি প্রবৃদ্ধি ৮ থেকে ১০ শতাংশে উন্নীত করা যায়।

“আমরা ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় যা অর্জন করতে পরিনি তা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করব।”

পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, গত ২০১৩-১৪ অর্থবছরে ৬ দশমিক ১২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

চলতি ২০১৪-১৫ অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ৩ শতাংশ।

‘সবার মতামতের ভিত্তিতেই সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা হবে’ জানিয়ে মুস্তফা কামাল বলেন, “অর্থনীতিবিদ, গবেষক, ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে এই পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হচ্ছে।

“ইতোমধ্যে কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আরও কয়েকটি হবে।তারপর সবার সুপারিশ-মতামতের ভিত্তিতেই প্রণয়ন করা হবে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা।”

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ২০২১ সালের মধ্যেই বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা হবে।

“সে লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড যেমন সামাজিক সুরক্ষা কার্যক্রম, মানব সম্পদ উন্নয়ন, জ্বালানী নিরাপত্তা নিশ্চিত করা হবে।”

পরিকল্পনামন্ত্রী বুধবার মিরপুর ক্যান্টনমেন্টে অবস্থিত ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে প্রশিক্ষণরত প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাদের ‘ভিশন-২০২১: বাংলাদেশের জন্য সম্ভাবনা ও প্রতিবন্ধকতা’ বিষয়ক ৯০ মিনিটের ক্লাস নেয়ার সময় এসব কথা বলেন।

এ বছর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে ২২টি দেশের ২১৪ জন প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা প্রশিক্ষণ নিচ্ছেন।