২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্যস্ফীতি নিম্নমুখী

আন্তর্জাতিক বাজারে জ্বালানিসহ খাদ্য পণ্যের দাম কমার প্রভাবে দেশে সার্বিক মূল্যস্ফীতির নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 09:03 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

গত তিন মাসের ধারাবাহিকতায় চলতি অর্থবছরের অক্টোবরেও মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে, যা আগের মাসে ছিল ৬ দশমিক ৮৪ শতাংশ।

গত অর্থবছরের শেষ মাস জুনে মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ৯৭ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইতে সামান্য বেড়ে ৭ দশমিক ০৪ শতাংশ হয়। অগাস্টে তা কমে ৬ দশমিক ৯১ শতাংশে নেমে আসে।

তবে সার্বিক মূল্যস্ফীতি কমলেও গত মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে।

পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সেপ্টেম্বর মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৬৩ শতাংশ। অক্টোবরে তা সামান্য বেড়ে ৫ দশমিক ৭৪ শতাংশ হয়েছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে মূল্যস্ফীতির হালনাদাগ তথ্যপ্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি জানান, বিশ্ব বাজারে জ্বালানি তেল, চিনি, ভোজ্য তেলসহ অন্যান্য খাদ্য পণ্যের দাম কমায় বাংলাদেশে মূল্যস্ফীতি কমছে।

মূল্যস্ফীতি কমার কারণ ব্যাখ্যা করে পরিকল্পনামন্ত্রী বলেন, “পাশ্ববর্তী দেশ ভারতেও মূল্যস্ফীতি নিম্নমুখী। তার প্রভাব আমাদের এখানেও পড়েছে। কেননা, আমাদের খাদ্য পণ্যের বেশ কয়েকটি আইটেম ভারত থেকে আমদানি করা হয়।”

এছাড়া আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, ভোজ্য তেল, চিনিসহ অন্যান্য খাদ্য পণ্যের দামও বেশ কিছু দিন ধরে কমতির দিকে। তারও ইতিবাচক প্রভাব পড়েছে মূল্যস্ফীতিতে।”

খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বাড়ার কারণ জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, “ঈদের কারণে কাপড়-চোপড় এবং পরিবহন খাতে খরচ বেড়েছিল। সে কারণে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে।”

চলতি ২০১৪-১৫ অর্থবছর শেষে গড় মূল্যস্ফীতি ৬ শতাংশে নেমে আসবে বলে আশাপ্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী।

২০১৪-১৫ অর্থবছরের বাজেটে গড় মূল্যস্ফীতি ৭ শতাংশের নীচে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এবিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, “আমাদের প্রত্যাশা অনুযায়ী মূল্যস্ফীতি কমছে। অর্থবছর শেষে গড় মূল্যস্ফীতি ৬ শতাংশের কাছাকাছি নেমে আসবে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত এক বছরে (২০১৩ সালের নভেম্বর থেকে চলতি বছরের অক্টোবর) গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ১৮ শতাংশ। পূর্ববর্তী একই সময়ে এ হার ছিল ৭ দশমিক ৪৭ শতাংশ।

বিবিএসের তথ্য পর্যালেচনা করে দেখা যায়, অক্টোবর মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে শহরের পাশাপাশি গ্রামেও সার্বিক মূল্যস্ফীতি কমেছে।

সেপ্টেম্বরে শহরে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ০২ শতাংশ, যা অক্টোবরে কমে ৬ দশমিক ৭৯ শতাংশ হয়েছে।

অক্টোবরে গ্রামে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৪৯ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৬ দশমিক ৭৫ শতাংশ।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক গোলাম মোস্তফা কামালও বক্তব্য রাখেন।

২০০৫-০৬ বছরকে ভিত্তিবছর ধরে মূল্যস্ফীতির এ তথ্য প্রকাশ করা হয়েছে।