ইউক্রেইন থেকে আড়াই লাখ টন গম কিনবে সরকার
ইউক্রেইন থেকে আড়াই লাখ মেট্রিক টন গম সরকারি পর্যায়ে আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান বলেন, “৫ শত ৮৭ কোটি ৫৬ লাখ টাকায় এ গম আমদানি করা হবে। প্রতি মেট্রিক টনে খরচ পড়বে ২৯৭ দশমিক ৫০ মার্কিন ডলার।”
তিনি বলেন, সভায় ডিএপিএফসিএলের জন্য ৩০ হাজার মেট্রিক টন ফসফরিক এডিস আমদানির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। ১০৪ কোটি ২৫ লাখ টাকা মূল্যের এ কাজ পেয়েছে মেসার্স এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ইনপুট ঢাকা।
“মানসম্পন্ন বীজ সরবরাহ বৃদ্ধিকরণ প্রকল্পের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের আলু বীজ বিভাগের জন্য চারটি দুই হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন আলু বীজ হিমাগার নির্মাণে ক্রয়প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।”
হিমাগার নির্মাণে খরচ হবে একশত এক কোটি ৮১ লাখ টাকা, এ কাজ পেয়েছে এসিআই মোটরস লিমিটেড এবং ইউনর হাইটেক সিড কোম্পানি জয়েণ্ট ভেঞ্চার।
পূর্বাচল নতুন শহর প্রকল্পের আওতায় শীতলক্ষ্যা নদীর কাঞ্চন ব্রীজ থেকে বাল ব্রীজ পযন্ত পূর্বাচল সংযোগ সড়কের অবশিষ্ট নির্মাণকাজের ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয় সভায়। ১২৬ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে এ সড়ক নির্মাণের কাজ পেয়েছে এআরকে আরআরপিএল জয়েন্ট ভেঞ্চার।
এছাড়া অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের হাইটেক পার্কের ব্লক-২ এবং ব্লক-৫ নির্মাণে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) চুক্তি সম্পাদনের অনুমতি দেওয়া হয়। এসআইএসসিএল ইনফিনিটি জয়েন্ট ভেঞ্চার এ কাজ করবে বলে জানান মোস্তাফিজুর রহমান।
