জঙ্গিদের জন্য সিএসআর নয়: আতিউর
ব্যবসায়ীদের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতের অর্থ যাতে কোনোভাবেই জঙ্গি অর্থায়নে ব্যয় না হয় সেজন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন গভর্নর আতিউর রহমান।
মানুষের কল্যাণে এই অর্থের ব্যয় নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ৫০ লাখ টাকার চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে আতিউর বলেন, “সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অর্থ যাতে অশুভ কোনো কাজে ব্যয় না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকেতে হবে। দেশের ক্ষতি হয় এমন কোনো কাজেও এ অর্থ ব্যয় করতে দেওয়া যাবে না।
“সিএসআরের টাকা যাতে জঙ্গি অর্থায়নে ব্যয় না হয় সেদিকেও সতর্ক থাকতে হবে।”
‘মানুষের কল্যাণেই এই অর্থের ব্যয় নিশ্চিত করতে হবে’ মন্তব্য করে গভর্নর বলেন, “ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিএসআর কার্যক্রম নিয়ে কোনো বিতর্ক হোক তা আমি চাই না।”
এ বিষয়টি নিশ্চিত করতে বিদ্যমান সিএসআর নীতিমালা আরো কঠোর কঠোর করা হবে বলে ঘোষণা করেন তিনি।
কেন্দ্রীয় ব্যাংক প্রধান বলেন, ১৯৪৬ সালে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই চিকিৎসা ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে কাজ করছে। ১০০ শয্যার মাধ্যমে শুরু করে এখন ২৩০০ শয্যার ধারণক্ষমতা নিয়ে দেশের সর্ববৃহৎ এই হাসপাতালটি আপামর জনসাধারণকে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে।
“এই হাসপাতালেরই একটি বিশেষায়িত ইউনিট জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট অগ্নিদগ্ধ রোগীদের নিরলসভাবে চিকিৎসা সেবা প্রদান করছে। পর্যাপ্ত প্রয়োজনীয় এবং আধুনিক চিকিৎসা সরঞ্জামাদি না থাকায় অনেক সময়েই তাদের পক্ষে অগ্নিদগ্ধ রোগীদের উন্নত চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হয়ে উঠে না।
“সে বিষয়টি বিবেচনায় নিয়ে বার্ন ইউনিটের আইসিইউ আধুনিকীকরণের প্রচেষ্টা অনেক দিন ধরেই করা হচ্ছে। তাদের এ প্রচেষ্টায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পেরে বাংলাদেশ ব্যাংক আজ গর্বিত।”
আতিউর রহমান বলেন, সাভারের রানা প্লাজা ধসের পর পর ‘রেগুলেটরি’ প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংক ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল’ নামে একটি সিএসআর তহবিল গঠন করে। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের প্রতিবছরের মুনাফা হতে ৫ কোটি টাকা এ তহবিলে স্থান্তান্তর করা হচ্ছে।
“এ তহবিল হতে অবকাঠামোগত ও প্রাযুক্তিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানকে ইতোমধ্যে আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে। আর এই প্রচেষ্টার অংশ হিসেবে কিছু আধুনিক সরঞ্জামাদি ক্রয়ে সহায়তা করার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটকে ৫০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডেপুটি গর্ভনর এস কে সুর চৌধুরী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সেনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বক্তব্য রাখেন।
