ডিএপি সারের মূল্য ২০ টাকা করার দাবি
ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সারের খুচরা দাম কেজিতে ৫ টাকা কমিয়ে ২০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে কৃষি,জলবায়ু পরিবর্তন এবং বাণিজ্য বিষয়ে কাজ করা সংগঠনগুলোর জোট ক্যাম্পেইন ফর সাসটেইনেবেল রুরাল লাইভলিহুড (সিএসআরএল)।
শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ওই জোটের নেতারা।
সিএসআরএল সদস্য আব্দুল মান্নান ভাসানি বলেন, “ডিএপি সারের মূল্য ২৫ টাকা থেকে কমিয়ে ২০ টাকায় নামিয়ে আনতে পারলে কৃষকের উত্পাদন খরচ ২০ শতাংশ কমবে ।
“কৃষি ঋণের বিতরণ কমেছে, কৃষক কীটনাশক কিনতে গিয়ে ঠকছে। এভাবে চলত থাকলে আমাদের খাদ্য নিরাপত্তা ব্যাহত হবে ।”
কৃষক পর্যায়ে ডিএপি সারের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি কেজি ২৭ টাকা থেকে কমিয়ে ২৫ টাকা এবং ডিলার পর্যায়ে ২৫ টাকা থেকে কমিয়ে ২৩ টাকা নির্ধারণ করেছে কৃষি মন্ত্রণালয়।
১ নভেম্বর থেকে এই নতুন মূল্য কার্যকর হবে বলে গত বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, সুষম সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা এবং কৃষিতে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ টেকসই খাদ্য নিরাপত্তার স্বার্থে ডিএপি সারের দাম কমানো হয়েছে।
সংবাদ সম্মেলনে জাতীয় সমাজতান্ত্রিক দলের সহযোগী সংগঠন কৃষক জোটের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু বলেন, “যেভাবে এখন চলছে, এভাবে চলতে থাকলে একদিন কৃষি চলে যাবে মাল্টিন্যাশনাল কোম্পানির হাতে ।
“আমাদের কৃষি বাঁচালেই হবে না, কৃষককেও বাঁচাতে হবে ।”
সিএসআরএল সাধারণ সম্পাদক শরমিন্দ নিলোর্মি বলেন, “বর্তমান সরকার কৃষিবান্ধব। তবে কৃষকদের জন্য আরও ভাল কাজ করতে হবে।
“কৃষকদের বাঁচাতে হলে কৃষকদের জন্য কৃষি পণ্যের লাভজনক মূল্য নিশ্চিত, তাদের কাছ থেকে সরাসরি শস্য ক্রয় এবং কৃষি পণ্যের স্থায়ীমূল্য কমিশন গঠন করতে হবে ।”
