২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ই-টিআইএনধারীদের জন্য বেশি মুনাফা

১২ ডিজিটের টিআইএনধারীরা (ইটিআইএন) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রাখা যে কোনও আমানতে বেশি হারে সুদ পাবেন।

আবদুর রহিম হারমাছি

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 05:30 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

অর্থ্যাৎ যে সব করদাতা ১২ ডিজিটের টিআইএন নিবন্ধন করেছেন, তাদের আমানতের মুনাফা থেকে কম কর কেটে রাখা হবে।

আর যে সব করদাতা ইতোমধ্যেই তাদের পুরনো ১০ ডিজিটের টিআইএন পুনঃনিবন্ধন করে ১২ ডিজিটে রূপান্তর করেছেন তারা এবং নতুন করে যারা টিআইএন নিবন্ধন করেছেন, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে রাখা তাদের আমানতের মুনাফার ওপর থেকে ১০ শতাংশ হারে উৎসে কর কেটে রাখা হবে।

আর যাদের ১২ ডিজিটের টিআইএন নেই বা এখনও কোনও টিআইএন খোলেননি, তাদের আমানতের সুদ বা মুনাফার ওপর থেকে ১৫ শতাংশ হারে উৎসে কর কাটবে এনবিআর।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে, যা রোববার একটি সার্কুলারের মাধ্যমে সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এনবিআরের আদেশে বলা হয়েছে, অর্থ আইন ২০১৪ এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ৫৩ এফ ধারায় সংশোধনী আনা হয়েছে। সেই সংশোধনীর আলোকে জাতীয় রাজস্ব বোর্ড এ মর্মে নির্দেশনা প্রদান করছে যে, সকল তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের প্রত্যেক গ্রাহকের হিসাবে যেদিন সুদ/মুনাফা ক্রেডিট বা জমা প্রদান করবে, সেই তারিখে ১২ ডিজিটের টিআইএন থাকলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সেই গ্রাহকের সুদ বা মুনাফা থেকে ১০ শতাংশ হারে উৎসে কর কর্তন করতে হবে।

“আর যদি ওই তারিখে ১২ ডিজিটের টিআইএন না থাকে তাহলে সুদ/মুনাফার ওপর ১৫ শতাংশ হারে উৎসে কর কর্তন করতে হবে।”

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে এনবিআরের এই নির্দেশনা সব শাখাকে অনুসরণ এবং পরিপালন করতে অনুরোধ করা হয়েছে।

এ প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের আয়কর বিভাগের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেশ কয়েক দফা সুযোগ দেওয়ার পর এবার ইটিআইএন (১২ ডিজিটের টিআইএন) ছাড়া করদাতাদের রিটার্ন জমা নেওয়া হচ্ছে না।

অর্থ্যাৎ যারা পুরনো ১০ ডিজিটের টিআইএন ১২ ডিজিটে রূপান্তর করেছেন এবং নতুন করে যারা ১২ ডিজিটের টিআইএন খুলছেন তাদেরই রিটার্ন জমা নেওয়া হচ্ছে।

“এতদিন পুরনো ১০ ডিজিটের টিআইএনধারীরা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমা রাখা টাকার মুনাফা তুলতে গিয়ে যে বাড়তি সুবিধা পেতেন ১২ ডিজিটের টিআইএনধারীরাও সেই একই সুবিধা পাবেন।”

যারা তাদের টিআইএন ১২ ডিজিটে রূপান্তর করেননি তারা এ সুবিধা পাবেন না বলে জানান ওই কর্মকর্তা।

এদিকে ব্যাক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমার মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। এখন পুরো নভেম্বর মাস জুড়ে রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।

বর্ধিত সময়সূচি অনুযায়ী রোববার ছিল রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। তা বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছে।

এনবিআরের ২০১৩ সালের তথ্য অনুযায়ী, দেশে মোট ইটিআইএন এবং টিআইএনধারী করদাতার সংখ্যা ১৮ লাখের বেশি।

এর মধ্যে গতবার ১০ লাখের মতো করদাতা তাদের রিটার্ন জমা দিয়েছিলেন। এবার ২৮ অক্টোবর পর্যন্ত ৫ লাখের মতো করদাতা তাদের রিটার্ন জমা দিয়েছেন বলে এনবিআর কর্মকর্তারা জানান।