প্লাস্টিক খাতের জন্য ঋণসীমা দ্বিগুণ
প্লাস্টিক খাতের উদ্যোক্তাদের জন্য রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের সীমা বাড়িয়ে দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের এক সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সদস্য কারখানাগুলো ইডিএফ থেকে সর্বোচ্চ ১০ লাখ ডলার ঋণ নিতে পারবে।
আগে এই ঋণের সর্বোচ্চ সীমা ছিল ৫ লাখ ডলার।
দেশের রপ্তানি খাতের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংকের এই তহবিলের পরিমাণ সম্প্র্রতি বাড়িয়ে ১৫০ কোটি ডলার করা হয়েছে।
ফাইল ছবি
এতে মোট সুদ হার ৩ শতাংশের মধ্যে থাকে বলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ইডিএফ থেকে ঋণের সীমা বাড়ানোর বিষয়টি ছিল প্লাস্টিক খাতের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি।
ব্যবসায়ীদের যুক্তি হচ্ছে- এ খাতে চাহিদার সঙ্গে কাঁচামালের দামও বেড়েছে। এ কারণে ৫ লাখ ডলারে উদ্যোক্তাদের চাহিদা পূরণ হচ্ছে না।
ঋণের সীমা বাড়ানোকে স্বাগত জানিয়ে প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সভাপতি মো. জসিমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি প্লাস্টিক খাতের জন্য সুখবর। বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে প্লাস্টিক খাতের রপ্তানি বাড়বে, বাড়বে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা।”
সমিতিতে তিন হাজারের বেশি সদস্য থাকলেও তাদের মধ্যে রপ্তানিকারক প্রতিষ্ঠানের সংখ্যা পাঁচশর মতো।
