২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরের ব্যাংকের নিরাপত্তা জোরদারের নির্দেশ

জামালপুর জেলার সরকারি-বেসরকারি ১৬টি ব্যাংকের সব শাখাকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 10:39 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

সম্প্রতি ওই জেলায় অবস্থিত ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে আলাদা আলাদা চিঠি পাঠিয়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে,“স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে জামালপুর জেলায় অবস্থিত ব্যাংকগুলোর নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নয়। সেখানে যথেষ্ট ঝুঁকি রয়েছে।

“এজন্য ব্যাংকের নিরাপত্তা জোরদারকরণ এবং ব্যাংকের নিয়োগপ্রাপ্ত নিরাপত্তা কর্মীর পর্যাপ্ততা ও কার্যপরিধির আওতায় নিরাপত্তা কর্মীরা কাজ করছে কি না তা বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে হবে।”

সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের প্রতিবেদনে বলা হয়েছে জামালপুর জেলায় অবস্থিত সরকার মালিকানাধীন ব্যাংকগুলোর শাখা অফিসে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা প্রহরী নেই। নিরাপত্তা প্রহরীদের দিয়ে দিনের বেলায় পিয়নের কাজ করানো হয়। টাকা আনা নেয়ার কাজেও তাদের ব্যবহার করা হয়।

২৪ ঘন্টার নিরাপত্তার জন্য একটি শাখায় কমপক্ষে তিনজন নিরাপত্তা প্রহরী থাকার কথা। কিন্তু অধিকাংশ শাখাতে তা নেই। আবার অনেক শাখার ভবনও যথেষ্ট নিরাপদ নয়।

জামালপুর জেলায় ব্যাংকগুলোর অর্ধশতাধিক শাখা রয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিস্ট বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“সরকার মালিকানাধীন ব্যাংকগুলোর নিরাপত্তা ব্যবস্থা সারা দেশেই দূর্বল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্টের পর জামালপুর জেলাটাকে আমরা পাইলট প্রকল্প হিসেবে নিয়েছি।

“ধাপে ধাপে সব জেলার ব্যাংক শাখার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নেওয়া হবে।”

চলতি বছরের জানুয়ারিতে কিশোরগঞ্জ শহরের রথখোলা এলাকায় সোনালী ব্যাংকের একটি শাখা থেকে সুড়ঙ্গ খুঁড়ে ১৬ কোটি ৯০ লাখ টাকা চুরি করে দুর্বৃত্তরা।

এরপর মার্চ মাসে বগুড়ার আমদীঘিতে সোনালী ব্যাংকের আরেকটি শাখা থেকে একই কায়দায় ৩২ লাখ টাকা চুরি করে দুর্বৃত্তরা।

এসব ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক সার্কুলারে ব্যাংকগুলোর শাখা পর্যায়ে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেয়।