২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে চাই আরো বিনিয়োগ: এডিবি 

চলতি অর্থবছরের সরকারের কাঙ্ক্ষিত ৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের জন্য ৩৪ দশমিক ৩ শতাংশ বিনিয়োগ প্রয়োজন হবে বলে মনে করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 10:09 PM

Updated : 22 Aug 2022, 07:01 PM

সেক্ষেত্রে প্রত্যাশিত প্রবৃদ্ধি অর্জনে বিনিয়োগ ৬ শতাংশ পয়েন্ট বাড়াতে হবে সরকারকে। বর্তমানে বিনিয়োগ জিডিপির ২৮ দশমিক ৬ শতাংশ।

বাংলাদেশের অর্থনীতির গতি-প্রকৃতি নিয়ে এডিবি ‘কোয়াটারলি ইকনোমিক আপডেট’ প্রতিবেদন বুধবার প্রকাশ করেছে, যাতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেয়া হয়।

তিন মাস পর পর বাংলাদেশকে নিয়ে এই প্রতিবেদন প্রকাশ করে থাকে ম্যানিলাভত্তিক সংস্থাটি।

এডিবি বলেছে, “চলতি ২০১৪-১৫ অর্থবছরে সরকার ৭ দশমিক ৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরেছে। এটা পূরণ করতে হলে বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে ৩৪ দশমিক ৩ (জিডিপি’র) শতাংশে নিয়ে যেতে হবে।”

গত ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশে ৬ দশমিক ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা আগের অর্থবছরের ৬ শতাংশের চেয়ে সামান্য বেশি।

গত অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে কম প্রবৃদ্ধি অর্জনের জন্য নির্বাচনপূর্ব রাজনৈতিক অস্থিরতাকে কারণ মনে করছে সংস্থাটি।

২০১৩-১৪ অর্থবছরের বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭ দশমিক ২ শতাংশ। রাজনৈতিক অস্থিরতার প্রভাব অর্থনীতিতে পড়ার কারণে পরে তা কমিয়ে ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা হয়।

রপ্তানি আয় এবং সরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং কৃষি খাতের প্রবৃদ্ধি বাড়ায় গত অর্থবছরে ৬ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে অবদান রেখেছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত ২২ মে একই শিরোনামের আরেক প্রতিবেদনে এডিবি পূর্বাভাস দিয়েছিল, রাজনৈতিক অস্থিরতার কারণে ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ শতাংশে নেমে আসবে।

এডিবি বলছে, বাংলাদেশের দ্রুত দারিদ্র্য বিমোচন করতে হলে জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশে নিয়ে যেতে হবে। আর এ জন্য জিডিপির ৩৭ দশমিক ৬ শতাংশ বিনিয়োগ প্রয়োজন।

গত চার বছরে গড়ে ৬ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী এই চার বছরে গড়ে ৭ দশমিক ১ শতাংশ হওয়ার কথা ছিল।

মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখতে সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এডিবি।

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্য‌ন্ত সারাদেশে সহিংস রাজনীতির কারণে পণ্য সরবরাহ ব্যাহত হওয়ায় মূল্যস্ফীতি বেড়ে গিয়েছিল।

“মে মাস পর্যন্ত খাদ্য মূল্যস্ফীতি বাড়ছিল। কিন্তু জুন মাস থেকে তা নিম্নমুখী রয়েছে। মে মাস পর্যন্ত খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি নিম্নমুখী থাকলেও জুন থেকে তা বাড়ছে,” পর্যবেক্ষণ এডিবির।