২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালকলে জ্বালানি সাশ্রয়ে সচেতনাতামূলক কর্মসূচি

দেশের প্রচলিত চালকলগুলোতে জ্বালানির অপচয় রোধ ও বিস্ফোরণজনিত ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 10:59 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

বাংলাদেশ ব্যাংককেও এ কর্মসূচিতে অংশ নিতে অনুরোধ জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।

এ কর্মসূচিরর অংশ হিসাবে আগামী বুধবার বগুড়ার শেরপুর এবং পরদিন পাবনার ঈশ্বরদীতে ধানকল মালিক এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আঞ্চলিক ব্যবস্থাপকদের নিয়ে দুটি সভার আয়োজন করছে বিদ্যুত বিভাগ।

উন্নত প্রযুক্তির সুফল তুলে ধরার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল থেকে স্বল্প সুদে ঋণ নিতে করণীয় বিষয়গুলো তুলে ধরা হবে ওই সভায়।

সম্প্রতি বিদ্যুৎ বিভাগ থেকে কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো এক চিঠিতে বলা হয়, দেশের চাল কলগুলোতে প্রচলতি পদ্ধতিতে ধান সিদ্ধ করতে অতিরিক্ত তুষ ব্যবহার করা হয়। তুষের অসম্পূর্ণ দহনের ফলে শক্তির অপচয় হয় এবং কর্মীদের স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পায়।

“তাছাড়া এ সব মিলে ব্যবহৃত ড্রাম বয়লারগুলো যথাযথ মানসম্পন্ন না হওয়ায় বিস্ফোরণের ফলে জানমালের ক্ষতি হচ্ছে।”

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে প্রতিবছর প্রায় ৫ কোটি মেট্রিক টন ধান উৎপন্ন হয়, যার প্রায় ৯০ শতাংশ থেকে উৎপাদন হয় সিদ্ধ চাল। দেশে প্রায় ৫০ হাজার ছোট বড় প্রচলিত ‘রাইস পারবয়েলিং সিস্টেম’ চালু আছে। উৎপাদিত চালের সঙ্গে ১ কোটি মেট্রিক টন তুষ পাওয়া যায়, যা নবায়নযোগ্য জ্বালানির একটি বড় উৎস।

প্রচলিত পদ্ধতির পরিবর্তে উন্নত পদ্ধতিতে (ইমপ্রুভড রাইস পারবয়েলিং সিস্টেম- আইআরপিএস) ব্যবহার করলে প্রায় ৫০ শতাংশ তুষ সাশ্রয় হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

“এই পদ্ধতিতে ধান সিদ্ধ করলে ১০ লাখ টন অতিরিক্ত চাল উৎপাদন সম্ভব হবে এবং উদ্বৃত্ত তুষ থেকে ১৫ লাখ টন ভোজ্য তেল পাওয়া যাবে।”

বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, জার্মান সাহায্য সংস্থা জিআইজেডের করিগরি ও আর্থিক সহযোগিতায় এবং বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় দেশে এ পর্যন্ত মাত্র ৫০টি উন্নত প্রযুক্তির ধান সিদ্ধ করার মিল চালু হয়েছে। এই প্রযুক্তি ব্যপকভাবে সম্প্রসারণের লক্ষ্যে সচেতনতামূলক এ কর্মসূচি হাতে নিয়েছে সরকার।

কৃষিভিত্তিক শিল্প স্থাপনে বাংলাদেশ ব্যাংকের একটি পুনঃঅর্থায়ন তহবিল রয়েছে। এই তহবিলের আওতায় ‘ইমপ্রুভড রাইস পারবয়েলিং সিস্টেম’ এর জন্য ঋণ নেয়ার সুযোগ পাবেন মিল মালিকরা। সুদের হার সর্বোচ্চ ১০ শতাংশ।

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশ্যাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক মো. মাছুম পাটোয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কৃষিভিত্তিক শিল্প স্থাপনে কেন্দ্রীয় ব্যাংকের যে পুনঃঅর্থায়ন তহবিল রয়েছে তা থেকে চালকলগুলোর উন্নয়নে অর্থায়ন করা হচ্ছে। কিন্তু মিল মালিকদের মধ্যে এখনো এ ঋণ নেওয়ার বিষয়ে তেমন আগ্রহ তৈরি হয়নি।”