বেগুন-মরিচ-শসা রপ্তানি বন্ধ
রমজানে দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে বেগুন, রসুন, শসা, কাঁচামরিচ, লেবু ও ধনেপাতা রপ্তানি বন্ধ ঘোষণা করেছে সরকার।
৩১ জুলাই পর্যন্ত এসব পণ্য রপ্তানি বন্ধ থাকবে বলে বুধবার জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন দপ্তর প্রধানদের সঙ্গে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ এবং মূল্য পরিস্থিতি পর্যালোচনা বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।
তোফায়েল আহমেদ বলেন, “আসন্ন রমজান মাসসহ সবসময় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। সরকার এ বিষয়ে স্বজাগ রয়েছে। রমজান মাসে ভোজ্যতেল, ডাল, ছোলা, চিনিসহ সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ এবং মূল্য স্বাভাবিক থাকবে।”
বর্তমানে চাহিদার তুলনায় অনেক বেশি পণ্য মজুদ রয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, “যারা নিত্য প্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট বা মূল্য বৃদ্ধির চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার এবং সরকারের গোয়েন্দা বিভাগগুলো এ বিষয়ে তৎপরতা চালিয়ে যাচ্ছে।”
সরকার রমজানে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার কথা বললেও রাজধানীর খুচরা বাজারগুলোতে দামের ঊর্ধ্বগতি দেখা যায়।
বুধবার রাজধানী বিভিন্ন বাজারে গোল বেগুন ৫০ টাকা আর লম্বা বেগুন ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, দুদিন আগেও এর দাম ছিল ৪০ টাকা।
বেড়েছে শসা ও কাঁচা মরিচের দামও। প্রতিকেজি শশা ৩০ টাকা ও কাঁচা মরিচ ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে শশা ২০ থেকে ২৫ টাকা আর কাঁচা মরিচ ৬০ টাকা দরে পাওয়া যাচ্ছিল।
মতিঝিলের কাঁচামাল ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাইকারি বাজারে বেগুন, শসা, কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। এসব পণ্য বর্তমানে বাজারের আসছে কম।”
রোজা শুরু হলে বাজারে সরবরাহ বাড়াতে এখন অনেকে মজুত রাখছেন বলে ব্যবসায়ীরা জানান।
