পথশিশুরা পাবে ব্যাংক হিসাব
কৃষক এবং স্কুল শিক্ষার্থীদের পর এবার পথ ও কর্মজীবী শিশু-কিশোরদের জন্য ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার সংসদে চট্টগ্রামের সংসদ সদস্য দিদারুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ব্যাংক এবং এনজিওগুলো এ সেবা দিতে সঞ্চয়ী হিসাব খোলার কাজ করছে।
মুহিত বলেন, “এর উদ্দেশ্যে হলো পথ ও কর্মজীবী শিশু-কিশোরদের ব্যাংকিং সেবার আওতায় এনে তাদের উপার্জিত অর্থের নিরাপদ সঞ্চয়ের সুযোগ সৃষ্টি করা।
“তাদের জীবন যাত্রার মান উন্নয়ন, সঞ্চয় প্রবনতা তৈরি, কষ্টোপার্জিত অর্থের সুরক্ষা, মাদকসহ সর্বনাশী নেশাগ্রস্ত হয়ে পথভ্রষ্ট হওয়ার প্রবণতা হ্রাস করাসহ ভবিষ্যত উন্নত কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তাদের বৃহত্তর কল্যাণ সাধন করার উদ্দেশ্যকে বিবেচনায় রেখে এ ধরনের অনন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”
এ কার্যক্রমের আওতায় সুবিধা বঞ্চিত শিশুরা আর্থিক, সামাজিক এবং মানবিক শিক্ষায়ও শিক্ষিত হবে বলে মনে করেন অর্থমন্ত্রী।
ব্যাংক হিসাবধারী এসব শিশু-কিশোররা ১৮ বছর পূর্ণ হওয়ার পর তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহজ শর্তে ঋণ দেয়ার ব্যবস্থাও নেয়া হবে বলে জানান তিনি।
২০০৯-২০১৩ মেয়াদে ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার কৃষকদের জন্য ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করে।
এছাড়া স্কুল শিক্ষার্থীদেরকেও ব্যাংক হিসাব খোলার সুযোগ করে দেয়া হয়।
