উদ্যোক্তা তৈরিতে উইমেন চেম্বারের ২১৮ কোটি টাকা
প্রশিক্ষণসহ বিভিন্ন ধরনের সহায়তার মাধ্যমে নারী উদ্যোক্তা তৈরি এবং তাদের মূল ধারার ব্যবসায় আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)।
২০২০ সালের মধ্যে পাঁচ হাজার নারী উদ্যোক্তা সৃষ্টিতে ২১৮ কোটি টাকা ব্যয় করবে সংগঠনটি।
বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘২০২০: মূলধারায় ৫০০০ নারী উদ্যোক্তা তৈরী’ শীর্ষক এক সেমিনারে চেম্বারের প্রেসিডেন্ট সেলিমা আহমাদ এ তথ্য জানান।
অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা টিআইবির চেয়ারম্যান সুলতানা কামাল, গীতি আরা সাফিয়া চৌধুরী, মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম, সংসদ সদস্য ওয়াসিফা আয়েশা খান, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব, নারী ও শিশু মন্ত্রণালয় কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠন, সংস্থা ও নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।
সুলতানা কামাল বলেন, “এক সময় নারীরা শুধুই ক্ষুদ্র উদ্যোক্তা ছিল। দেশে-বিদেশে বড় কোনো স্বীকৃতি ছিল না। আজ নারীরা ক্ষুদ্র উদ্যোক্তা থেকে বৃহৎ উদ্যোক্তায় রূপ নিয়েছে। বড় বড় ইন্ডাস্ট্রি এবং নতুন নতুন সেক্টরে নারী উদ্যোক্তাদের সম্পৃক্ততা আরও বাড়াতে হবে।”
বিডব্লিউসিসিআইর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গীতি আরা সাফিয়া চৌধুরী বলেন, “আমি নিজেও একজন উদ্যোক্তা। এ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সব ধরনের প্রস্তুতি নেয়ার এখনই সময়।”
আয়েশা খানম বলেন, “নারীদের সব ধরনের ক্ষমতায়ন যেন স্থায়ী হয়। অনেক ক্ষমতায়ন দেখেছি কিন্তু সেসব টেকসই হয়নি।”
সেলিমা আহমেদ জানান, এ উদ্যোগে ৫ হাজার নারী উদ্যোক্তা তৈরিতে ২১৮ কোটি টাকা খরচ হবে। এ ক্ষেত্রে ব্যাংকগুলোকে আরও বেশি সহযোগিতা করতে হবে।
এ পর্যায়ে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় ব্যাংক নারী উদ্যোক্তাদের জন্য সব ব্যাংকে উইমেন ডেস্ক স্থাপনে সার্কুলার জারি করলেও এখনো অনেক ব্যাংক তা চালু করেনি।
