২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগ বাড়াতে চাই ‘সমঝোতা’: সিপিডি

সমঝোতামূলক রাজনীতির মাধ্যমে ‘সবাই মিলে দেশকে এগিয়ে নেয়ার’ ব্যাপারে আস্থা অর্জিত না হওয়া পর্যন্ত বেসরকারি খাতের বিনিয়োগ বাড়বে না বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 12:43 AM

Updated : 22 Aug 2022, 06:24 PM

রোববার সকালে এক সংবাদ সম্মেলনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, “দেশের অর্থনীতির সাথে সমঝোতামলক রাজনীতির একটি সম্পর্ক তৈরি হয়েছে। এটা নিশ্চিত করা না গেলে বেসরকারি খাতের বিনিয়োগে যেমন হবে না, তেমনি দেশ থেকে অর্থ পাচার বাড়বে।”

চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের দেশের অর্থনৈতিক পরিস্থিতির পর্যালোচনা নিয়ে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে ওই সংবাদ সম্মেলন সিপিডি।  

মোস্তাফিজুর বলেন, “রাজনৈতিক সমঝোতার জন্য যে আলোচনার দরকার, যেসব জায়গাগুলো ক্রমান্বয়ে সঙ্কুচিত হচ্ছে। নির্বাচন হঠাৎ করেই হবে এটা আমরা বলছি না, আমরা বলছি আলাপ-আলোচনার মাধ্যমে একটা সমঝোতায় পৌঁছাতে। যাতে একটা সুস্থ পরিবেশ তৈরি হয়।  

“তবে নিয়ন্ত্রিত মূল্যস্ফীতি, সন্তোষজনক বৈদেশিক মুদ্রার মজুদ ও স্থিতিশীল বিনিময় হারসহ সামষ্টিক অর্থনীতিতে এখন যে স্থিতিশীলতা রয়েছে, তা কাজে লাগিয়ে প্রবৃদ্ধিতে গতি আনা যেতে পারে।”

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছে, চলতি অর্থবছরের প্রাক্কলিত জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ১ শতাংশ।

সংবাদ সম্মেলনে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ) শেষে অর্থনৈতিক বিভিন্ন সূচক পর্যালোচনা করে এই বিষয়টি নিয়ে বেশকিছু প্রশ্ন তোলে সিপিডি।

সিপিডি বলছে, চলতি অর্থবছরের প্রথম দুটো প্রান্তিকে রাজনৈতিক অস্থিরতার প্রধান খাতগুলো বাধাগ্রস্ত হওয়ায় তা জিডিপিতে নেতিবাচক প্রভাব ফেলার কথা।

এছাড়া বেসরকারি খাতে বিনিয়োগ না হওয়ায় ব্যাংকগুলোতে ১ লাখ ৩৫ হাজার কোটি টাকার উদ্বৃত্ত তারল্য রয়েছে বলে উল্লেখ করে সিপিডি বলছে, “এরকম অবস্থায় ৬ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির পক্ষে কোন কোন সূচকগুলো কাজ করেছে, তা আরও স্পষ্ট হওয়া দরকার।”

এসময় জিডিপি প্রবৃদ্ধি নিয়ে কথা বলতে গিয়ে সিপিডির পক্ষ থেকে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি কাটছাঁটের উদাহরণও টানা হয়।

মোস্তাফিজুর বলেন, “যদিও প্রাক্কলিত প্রবৃদ্ধি সব সময় ঠিক থাকে তা নয়, গত ১০ বছরে দেখা গেছে বিবিএস প্রবৃদ্ধির যে প্রাক্কলন করেছে, তার মধ্যে ৬ বার চূড়ান্ত প্রবৃদ্ধি কম হয়েছে। ২০১২-১৩ অর্থবছরে বিবিএস প্রাক্কলন করেছিল ৬ দশমিক ১৮ শতাংশ, যা চূড়ান্ত হিসেবে দাঁড়িয়েছে ৬ দশমিক শূন্য ১ শতাংশ।”

সিপিডির গবেষক ফাহমিদা খাতুন বলেন, “৬ শতাংশ একটা ম্যাজিক নম্বর হয়ে দাঁড়িয়েছে। একটা মাইন্ডসেট হয়েছে যে ৬ শতাংশ প্রবৃদ্ধি থাকতে হবে। যা হিসাবায়নকে প্রভাবিত করছে।”

মোস্তাফিজুর বলেন, বর্তমানে অর্থনীতির বেশকিছু সূচক ইতিবাচক রয়েছে। বিশেষ করে মুল্যস্ফীতি, রিজার্ভ, বিনিময় হার ইত্যাদি। কিন্তু বিনিময় হার স্থিতিশীল রাখতে গিয়ে টাকার সরবরাহ বাড়ছে, কারণ বাংলাদেশ ব্যাংক ডলার কিনছে, এতে বাজারে টাকার সরবরাহ বাড়াচ্ছে, যা মুল্যস্ফীতিতে চাপ সৃষ্টি করছে।

এটা একটা চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি।

আবার ব্যাংক খাতে মন্দ ঋণ বাড়ার কারণে সুদ হার ও স্প্রেড কমছে না উল্লেখ করে বেসরকারি খাতের প্রতিযোগিতা সক্ষমতা টিকিয়ে রাখতে এটি কমানোর বিকল্প নেই বলে মন্তব্য করেন সিপিডির নির্বাহী পরিচালক।   

রেমিটেন্স প্রবাহ কমে আসায় অর্থনীতিতে চাপ সৃষ্টি হবে এমন আশংকা প্রকাশ করে মোস্তাফিজুর বলেন, “গত ১০ বছরে এই প্রথম নেগেটিভ গ্রোথ হয়েছে রেমিটেন্সে। জনশক্তি রপ্তানি কম হওয়ার কারণে এমন হয়েছে। এর আরেকটি খারাপ দিক হচ্ছে অভ্যন্তরীণ বাজারে শ্রমের চাপ বাড়ছে।”

বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, “বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করা যায় সেটাই এখন প্রধান চ্যালেঞ্জ। এর পাশাপাশি বৈদেশিক সহায়তার ব্যবহার বাড়াতে হবে।”

সিপিডির বলছে, মধ্যমেয়াদী বাজেট কাঠামো অনুযায়ী প্রকৃত বাস্তবায়নের ঘাটতি আছে যা দুঃশ্চিন্তার কারণ। এদিকে সরকার বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ঋণ কম নিলেও সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে অনেক বেশি ঋণ নিয়েছে, যার সুদ হার ব্যাংক ঋণে সুদ হারের চেয়ে বেশি।

এতে সুদের হারে ব্যয় বেশি হচ্ছে বলে উল্লেখ করে সরকার প্রবৃদ্ধির জন্য সহায়তার তুলনায় ঋণের ওপর বেশি নির্ভরশীল হচ্ছে বলে মনে করছে বেসরকারি সংস্থাটি।

রপ্তানিতে ইতিবাচক পরিস্থিতি রয়েছে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক বহির্ভূত পণ্য রপ্তানি ‘ঘন ঘন ওঠানামার’ বিষয়ে মনোযোগী হতে পরামর্শ দিয়েছে সিপিডি।

হঠাৎ করে মার্চ মাসে আমদানি ব্যয় ৫৪ দশমিক ৫ শতাংশ বেড়ে যাওয়ায় সন্দেহ প্রকাশ করেছে সিপিডি।

মোস্তাফিজুর বলেন, “বিশ্বের বিভিন্ন পরিসংখ্যানে বলা হচ্ছে বাংলাদেশ থেকে বছরে দেড় বিলিয়ন ডলার পাচার হচ্ছে। বাংলাদেশ থেকে ওভার বা আন্ডার ইনভয়েসিং হচ্ছে। মানি লন্ডারিং আইন হয়েছে, সরকার ট্রান্সফার প্রাইস ইউনিট করেছে, এগুলোকে আরও কার্যকর করা হবে বলে আশা করছি।”

অর্থনীতিতে গতি ফেরাতে সিপিডি ৫টি প্রস্তাব করেছে।

সেগুলো হচ্ছে, পড়ে থাকা সংস্কার প্রস্তাবগুলো কার্যকর করতে টাস্কফোর্স গঠন, স্থানীয় সরকারকে আরও কার্যকর করা, সরকারের বড় প্রকল্পগুলো বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত সংস্থাগুলোকে আরও শক্তিশালী বিশেষ করে বাস্তবায়ন দক্ষতা বাড়ানো, লেনদেন খরচ কমানো এবং সমঝোতামুলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি।

সংবাদ সম্মেলনে সিপিডির ফেলো তৌফিকুল ইসলাম খান, খোন্দকার গোলাম মোয়াজ্জেমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।