বাজেটের ৯৬ শতাংশই বাস্তবায়ন হয়েছে: মুহিত
চলতি অর্থবছরের বাজেটের ৯৬ শতাংশই বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, বাজেটের বাস্তবায়ন একটা বড় সাফল্য।
বাজেটের এত বেশি পরিমাণ বাস্তবায়ন কোনো দিনই হয়নি বলে দাবি করেন মুহিত।
অর্থমন্ত্রী বলেন, কিছু নির্বাচনী অঙ্গীকার বাকি রয়েছে। এসব অঙ্গীকার রাতারাতি বাস্তবায়ন হবে না।
গত পাঁচ বছরে বাজেটের আকার দ্বিগুন হয়েছে উল্লেখ করে মুহিত বলেন, এর আগে বাজেটের আকার দ্বিগুণ করতে ১১ বছর লেগেছে।
সরকারের পারফরমেন্স ভাল। মানুষ স্বস্তিতে আছে, সুখে আছে। তাই সরকার পাঁচ বছরই ক্ষমতায় থাকবে বলে মনে করেন অর্থমন্ত্রী।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, দলের জেলা সভাপতি আব্দুজ জহির সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সভাপতি বদর উদ্দিন কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
