২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেনা পরিশোধের সময় জানতে সোনালী ব্যাংককে চিঠি

হল-মার্ক ঋণ কেলেঙ্কারির ঘটনায় ৪১টি ব্যাংকের আটকে যাওয়া সাড়ে ১২শ’ কোটি টাকার পাওনা পরিশোধের সময় জানাতে সোনালী ব্যাংককে সময় বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 10:15 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

বৃহস্পতিবার এক চিঠিতে দায়-দেনা পরিশোধে ১৫ দিনের মধ্যে সুস্পষ্ট বক্তব্য জানতে চেয়েছে বাংলাদেশ ব্যাংক।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে ওই চিঠিতে।

সোনালী ব্যাংক কত দিনে এসব দেনা পরিশোধ করবে তা বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি পাওনাদার ব্যাংকগুলোকেও লিখিতভাবে জানাতে হবে।

Image
সাভারে হল-মার্কের জমি

সাভারে হল-মার্কের জমি

এবিষয়ে জানতে চাইলে সোনালী ব্যাংকের এমডি ও সিইও প্রদীপ কুমার দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিলতো আমরা দিয়েই দেব, এতোদিন দুদক অনুসন্ধান করছিলো বলেই অধিকাংশ বিল পরিশোধ করা যায়নি।

“স্বীকৃত বিলের দায় পরিশোধে একটি কমিটি করা হয়েছে। ওই কমিটি স্ক্রুটিনির (যাচাই-বাছাই) কাজ এখনো শেষ হয়নি। আশা করছি, দুই-চারদিনের মধ্যে যাচাই-বাছাই শেষ হবে। তাদের যাচাই-বাছাইয়ের পর পরিচালনা পর্ষদের সম্মতি নিয়ে বিলগুলো পরিশোধ করা হবে।”

সম্প্রতি নন-ফান্ডেড সাড়ে ১২শ কোটি টাকার দায় অনুসন্ধান করার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনাপত্তি জানানোর প্রেক্ষিতে এই চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতদিন দুদকের অনুসন্ধানের দোহাই দিয়ে এই দায় পরিশোধের বিষয়টি এড়িয়ে চলছিল সোনালী ব্যাংক।

গত ১৮ ফেব্রুয়ারি গ্রাহক ব্যাংকগুলোর পরিশোধযোগ্য বিল এক মাসের মধ্যে পরিশোধের প্রতিশ্রুতি দেন সোনালী ব্যাংকের এমডি। এসময়ের মধ্যে বিল পরিশোধ না করায় ২৪ মার্চ দেনা পরিশোধে আরো ১০ দিন সময় বাড়িয়ে একটি চিঠি পাঠায়। তবে এ চিঠির কোনো জবাব দেয়নি ব্যাংকটি।

গত ১৫ এপ্রিল দেনা পরিশোধে আরও এক মাস সময় চেয়ে চিঠি দেয় সোনালী ব্যাংক। এই সময় শেষ হওয়ায় নন-ফান্ডেড এই দায় পরিশোধে ব্যাংকটিকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিলো কেন্দ্রীয় ব্যাংক।

সোনালী ব্যাংকের তথ্য অনুযায়ী, হোটেল রূপসী বাংলা করপোরেট (সাবেক শেরাটন) শাখায় স্থানীয় ব্যাক-টু-ব্যাংক ঋণপত্রের (এলসি) বিপরীতে বিভিন্ন সরবরাহকারী প্রতিষ্ঠানের স্বীকৃত বিল বাবদ বিভিন্ন ব্যাংক এখনো সাড়ে ১২শ কোটি টাকা পাওরা রয়েছে।

শীর্ষ রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ব্যাংকটির কাছে ২ হাজার ১৩৭টি স্বীকৃত বিলের বিপরীতে ১ হাজার ২২২ কোটি ৬৫ লাখ টাকা পাওনা রয়েছে ৪১টি ব্যাংক। এর মধ্যে ১ হাজার ৫৫১টি বিল দুদক অনুসসন্ধান করছিলো। বাকি ৫৮৬টি বিলের দায় একটি একটি করে পরিশোধ করছিলো ব্যাংকটি।

প্রতিবেদনে দেখা যায়, সোনালী ব্যাংক পরিশোধযোগ্য হিসাবে চিহ্নিত ৫৮৬টি বিলের মধ্যে ৩০১টি বিলের ৬৭ কোটি ৩৬ লাখ টাকা পরিশোধ করেছে। বাকি ২৮৫টি বিলের বিপরীতে ৮২ কোটি ৯০ লাখ টাকা এখনও পরিশোধ করা হয়নি।

এছাড়া কারখানার অস্তিত্ব না পাওয়া, বিলমূল্য দাবিকারী ব্যাংকের শাখা প্রধান থেকে জালিয়াতি সংঘটিত হয়নি, এমন সার্টিফিকেট না পাওয়ায়, মূল এলসির সঙ্গে সরবরাহ করা পণ্যের গরমিল থাকাসহ নানা কারণে আটকে আছে বেশ কিছু বিল।

২০১২ সালের মাঝামাঝি সময়ে হলমার্কসহ ছয়টি প্রতিষ্ঠানের প্রায় চার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা প্রকাশ পায়। এই ঘটনায় সোনালী ব্যাংক হলমার্ক ও অন্যান্য জালিয়াত প্রতিষ্ঠানের আইবিপি (অভ্যন্তরীণ বিল ক্রয়) সংক্রান্ত বিল পরিশোধ বন্ধ করে দেয়। এরপর গত দুই বছরেও বিলগুলো পরিশোধ করেনি ব্যাংকটি।