২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপ্রদর্শিত অর্থ: বিশেষ সুযোগের পক্ষে এনবিআর

অপ্রদর্শিত অর্থ দেশে রাখার স্বার্থে তা বিনিয়োগের ক্ষেত্রে ‘বিশেষ সুযোগ’ দেয়া উচিত বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2014, 10:12 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “অপ্রদশির্ত অর্থ দেশে বিনিয়োগের সুযোগ করে না দিলে তা বাইরে পাচার হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এটা ঠেকাতেই অপ্রদর্শিত আয় বিনিয়োগে নিয়ে আসতে হবে। আর এজন্য কর আদায় সাপেক্ষে বিশেষ সুযোগ দিতে হবে।”

অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইআরএফ প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান এ অভিমত দেন।

গোলাম হোসেন বলেন, “বিশ্বের ধনী দেশগুলো বিশেষ করে আমেরিকা, কানাডা, মালয়শিয়া ও সিঙ্গাপুর অন্যান্য দেশ থেকে অপ্রদর্শিত অর্থ তাদের দেশে বিনিয়োগের সুযোগ দিচ্ছে। এই পরিস্থিতিতে আমরা যদি আমাদের দেশের অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ না দেই তাহলে এসব অর্থ ওই সব দেশে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

“এজন্য এসব অর্থ থেকে কর আদায় সাপেক্ষে দেশে বিনিয়োগের সুযোগ দিতে হবে। কিন্তু জেলে যাওয়ার ভয় থাকলে কেউ তা প্রদর্শনের আগ্রহ দেখাবে না। এজন্য এ বিষয়ে প্রগতিশীল চিন্তা ও সাহসী উদ্যোগ দরকার।”

অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে নিয়ে আসতে কী হারে কর আদায় হবে, কিভাবে হবে সেসব বিষয়ে খোলামেলা আলোচনা বা বিতর্ক হতে পারে বলে মনে করেন তিনি।

আয়কর অধ্যাদেশে নির্দিষ্ট হারে কর দিয়ে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করার বিধান রয়েছে। কিন্তু চলতি অর্থবছরে উল্লেখ করার মত অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ হয়নি।

এনবিআরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনায় ইআরএফ সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, এনবিআরের সদস্য ফরিদ উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, সৈয়দ আমিনুল করীম, ইআরএফের সদস্যরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনবিআর চেয়ারম্যান আগামী অর্থবছরের বাজেটের কাঠামো বিষয়ে একটি সংক্ষিপ্ত ধারণা দিয়ে বলেন, করনীতির কাঠামো এমনভাবে সাজানো হবে, যাতে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকে।

“আগামী অর্থবছরে অভ্যন্তরীণ উৎস থেকে প্রায় ১ লাখ ৪৯ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে। এই সরকারের শেষ বছরে গিয়ে তা প্রায় ৩ লাখ কোটি টাকায় দাঁড়াবে। এজন্য রাজস্ব আদায় ব্যবস্থায়ও কিছু পরিবর্তন আসবে।”

“কারণ কাস্টমস বিভাগ থেকে প্রতিবছর আয় কমছে। আবার কর্পোরেট কর ও ব্যক্তি শ্রেণির আয়কর কমানোরও উদ্যোগ আছে। আগামী অর্থবছর থেকে এগুলো সহনীয় করা হবে। প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। এজন্য আগামী অর্থবছরে আয়করে ব্যাপক পরিবর্তন আসবে। রাজস্ব আয়ের প্রধান উৎস হবে আয়কর। প্রত্যক্ষ আয়করে বিশেষ গুরুত্ব থাকবে।”

অনেক পেশাজীবী ঠিকমত আয়কর দেন না জানিয়ে তিনি বলেন, এই খাত থেকে আয়কর বাড়ানোর উদ্যোগ নেয়া হবে।

জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর বিষয়গুলো আগামী বাজেটে নিরুৎসাহিত করা হবে বলে জানান তিনি।

সভায় ইআরএফ সভাপতি সুলতান মাহমুদ বিনিয়োগ বান্ধব বাজেট প্রণয়ন এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান কর্পোরেট ট্যাক্স কমানোর প্রস্তাব করেন।