যুক্তরাষ্ট্রে শুল্কমুক্তিতে ‘কাঁটা’ রাজনীতি: মুহিত
রাজনৈতিক কারণেই যুক্তরাষ্ট্র বাংলাদেশকে শুল্ক ও কোটামুক্ত সুবিধা দিচ্ছে না বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার অর্থ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে নিজের এই মত জানিয়ে একাত্তর বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুক্তরাষ্ট্রের বিরোধিতার কথাও তুলে ধরেন তিনি।
মুহিত বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশ বছরে ৩৪০ কোটি (৩ দশমিক ৪ বিলিয়ন) ডলারের তৈরি পোশাক রপ্তানি করে থাকে। তার মধ্যে ৮০ কোটি ডলারের (৮০০ মিলিয়ন) মতো শুল্ক দেয়া হয়।
“বছরের পর বছর ধরে শুল্কমুক্ত সুবিধা চাচ্ছি। কিন্তু কোনো রিঅ্যাকশন নেই। খুবই দুঃখজনক। তারা আমাদের সব কিছুতেই নাক ঢুকায়, অথচ টাকা দেয় না।”
মুহিতের দাবি, বাংলাদেশের উন্নয়নের বিষয়গুলো না দেখে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে মুহাম্মদ ইউনূসকে সরানো বেশি গুরুত্ব দেয় ওয়াশিংটন।
“তারা (যুক্তরাষ্ট্র) সব সময় গ্রামীণ ব্যাংক ও ইউনূস নিয়ে হৈ চৈ করে। বাংলাদেশের অন্য কোনো কিছুতেই তাদের মাথাব্যথা নেই।”
“আমরা ইউনূস সাহেবকে কখনো অসম্মান করিনি। তিনি দীর্ঘদিন এই ব্যাংকটিকে আঁকড়ে রেখেছিলেন। আমরা পদক্ষেপ নেয়ার পর তিনি আদালতেও গিয়েছিলেন, সেখানে হেরে গেছেন। আইন অনুযায়ী সব ব্যবস্থা নেয়া হয়েছে।”
ওয়াশিংটনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হচ্ছে কি না- জানতে চাওয়া হলে সদ্য যুক্তরাষ্ট্র সফর করে আসা অর্থমন্ত্রী বলেন, নির্বাচনের পর তারা বাংলাদেশের নতুন সরকার নিয়ে প্রশ্ন তুলেছিল। এখন অবশ্য তারা সে জায়গা থেকে সরে এসেছে।
“তবে বাংলাদেশের জন্মের শুরু থেকেই তারা কিন্তু বিরোধিতা করে আসছে। জানি না, সে কারণেই তারা হয়ত আমাদের শুল্কমুক্ত সবিধা দেয়ার দাবি মেনে নিচ্ছে না।”
যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে ১৫ দিনের সফরে তৈরি পোশাকে শুল্কমুক্ত সুবিধার বিষয়ে যুক্তরাষ্ট্রের অ্যাসিসটেন্ট সেক্রেটারি অব স্টেট ফর ইকোনোমিক অ্যান্ড বিজনেস অ্যাফেয়ার্স চার্লস রিভকিনের সঙ্গেও কথা বলেন মুহিত।
“শুল্ক সুবিধার বিষয়ে আমি প্রতিবেদন তৈরি করেছি। খুব শিগগির তা তৈরি করে তাদের কাছে পাঠানো হবে।”
মুহিত বলেন, গ্রামীণ ব্যাংক নিয়ে ‘মাতামাতি’ করলেও সেই ব্যাংক বা মুহাম্মদ ইউনূসকেও যুক্তরাষ্ট্র অর্থ দেয় না।
গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে তিনি আরো বলেন, “তিনি (ইউনূস) এই ব্যাংকটিকে সব সময়ই নিজের মনে করেছেন। দ্বিতীয় কোনো ব্যক্তি তৈরি করেননি, যিনি এটি পরিচালনা করবেন।
বিশেষ আইনে গঠিত গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচনের ক্ষমতায় বাংলাদেশ ব্যাংকের ‘হাত দেয়াটাও যৌক্তিক’ বলে মনে করেন অর্থমন্ত্রী।
“অর্থ মন্ত্রণালয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পরিচালনা পর্ষদ নিয়োগ দিয়ে থাকে। বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ নির্বাচন করবে।”
মেক্সিকোতে সাউথ-সাউথ কো-অপারেশন এবং ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক ও আইএমএফের বসন্তকালীন সভার কার্যক্রম জানাতে অর্থমন্ত্রী এই সংবাদ সম্মেলন ডাকেন।
এসব সভায় যোগ দিতে ৮ এপ্রিল অর্থমন্ত্রী দেশ ছাড়েন, ফেরেন ২৩ এপ্রিল।
পদ্মা সেতু ইস্যুতে বিশ্ব ব্যাংকের সঙ্গে তিক্ততা সৃষ্টি হলেও এখন সম্পর্কের উন্নতি ঘটেছে, বলেন অর্থমন্ত্রী।
তিনি জানান, পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংক ১ দশমিক ২ বিলিয়ন ডলার ঋণ-সহায়তা দিতে চেয়েছিল। চলতি অর্থবছরে তার চেয়ে দ্বিগুণেরও বেশি অর্থ ২ দশমিক ৮ বিলিয়ন ডলার বিভিন্ন প্রকল্পে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।
জুন-জুলাই মাসে পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণের কার্যাদেশ দেয়া হবে বলে জানান অর্থমন্ত্রী।
রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকে দুর্নীতি-অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক বেসিক ব্যাংক নিয়ে একটি প্রতিবেদন দিয়েছে। সেই প্রতিবেদনের ভিত্তিতে দায়ী অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান অর্থমন্ত্রী।
“প্রয়োজনে সোনালী ব্যাংকের মতো পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ নিয়োগ দেয়া হবে।”
