প্রশাসনের মান বাড়ানোতে জোর দেয়া হবে বাজেটে
বিদেশি সহায়তা পুরোপুরি ব্যবহার করতে না পারার পেছনে প্রশাসনিক অদক্ষতাকে দায়ী করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এজন্য প্রশাসনের মান বাড়ানোর ওপর সবচেয়ে বেশি দৃষ্টি নিবদ্ধ (পলিসি ফোকাস) রেখে আগামী অর্থবছরের জন্য বাজেট দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার তিনটি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে ২০১৪-২০১৫ সালের সম্ভাব্য বাজেট কাঠামো নিয়ে আলোচনার পর সাংবাদিকদের একথা বলেন অর্থমন্ত্রী।
মুহিত বলেন, “আমরা এখন যে সহায়তা (বিদেশি) পাচ্ছি তা জিডিপির প্রায় ৩ শতাংশ। কিন্তু আমরা এর ১ দশমিক ৭ শতাংশের কম ব্যবহার করছি।”
এটা ‘অদক্ষতার’ কারণেই হচ্ছে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, “এজন্যই মানবসম্পদ উন্নয়ন গুরুত্বপূর্ণ। সেই হিসেবে বলা যেতে পারে সবচেয়ে গুরুত্ব দেয়া হচ্ছে, ডেভেলপমেন্ট অব অ্যাডমিনিস্ট্রেশনের উপর।”
প্রশাসনের মান বাড়ানোর পর আগামী পাঁচ বছরের মধ্যে স্থানীয় সরকারের অধীন উপজেলা ও জেলা পর্যায়ে সরাসরি বরাদ্দ দেয়া হবে বলে জানান তিনি।
“বিনিয়োগ বৃদ্ধি, বেসরকারিখাতের আত্মবিশ্বাস বাড়ানো এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়ানোর কৌশলও আগামী বাজেটের পলিসি ফোকাসের মধ্যে থাকছে।”
শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর আগামী ৫ জুন অর্থমন্ত্রী এ সরকারের আমলে প্রথম বাজেট পেশ করবেন। সংসদে এটি হবে তার অষ্টম বাজেট পেশ করবেন।
এজন্য বৃহস্পতিবার থেকে বিভিন্ন খাতের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছেন তিনি।
প্রথমদিন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস),ইকনোমিক রিসার্চ গ্রুপ (ইআরজি) এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়।
মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এ মতবিনিময় চলবে।
এসব আলোচনা থেকে যেসব সুপারিশ আসবে সেগুলো পর্যালোচনা করে অর্থমন্ত্রী জাতীয় সংসদে বাজেট পেশ করবেন।
অর্থমন্ত্রী বলেন, “এবার আমরা কতগুলো সিদ্ধান্ত নিয়েছি। যেমন বাজেটটা দেয়া হবে পাঁচ বছরের বাজেটের একটা অংশ হিসেবে। সরকার কতদিন থাকবে সেটা ইমম্যাটেরিয়াল। এটা এই প্রথম।”
সরকারের প্রথম বাজেট হওয়ায় তা ‘উচ্চাভিলাষী’ হবে জানিয়ে তিনি বলেন, “আমি বলেছি আড়াই লাখ কোটি টাকার মতো লক্ষ্যমাত্রা, এটা এখনো ঠিক হয়নি। চলতি অর্থবছরে রাজস্ব আদায় হবে জাতীয় আয়ের ১৪ দশমিক ১ শতাংশ। আগামী বছরে এটা ২০ শতাংশে নিয়ে যেতে চাই। এটা ভেরি অ্যাম্বিশাস টার্গেট। বাট ডেলিবারেটলি সেই টার্গেটটি আছে।”
তবে জিডিপির ৫ শতাংশের বেশি বাজেট ঘাটতি হবে না বলেও জানান তিনি।
একইসঙ্গে দেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে অসস্তুষ্টি প্রকাশ করেন তিন সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা মুহিত।
“গত পাঁচ বছরে আমাদের দুর্বলতা হলো, বিনিয়োগ প্রবৃদ্ধি লিমিটেড হয়েছে। এটা জিডিপির ২৪ দশমিক ৫ শতাংশ থেকে ২৭ শতাংশ। এইখানে আমরা একটা বড় ধরনের উদ্যোগ চাই। এটা কমপক্ষে ৩২ শতাংশ হতে হবে।”
“এটাও বেশ কষ্টকর টার্গেট; কিন্তু এটা করতেই হবে এবং এটা আমাদের দেখতেই হবে যে, কেন আমাদের অভ্যন্তরীণ বিনিয়োগটা এতো কম। সরকারি বিনিয়োগ গত পাঁচ বছরে বেড়েছে, কিন্তু সেই হারে বেসরকারি বিনিয়োগ বাড়ে নাই। অথচ বেসরকারি অর্থনীতির ৮০ শতাংশ নিয়ন্ত্রণ করছে।”
বাজেটে গুরুত্বের বিচারে এবারো বিদ্যুৎ ও জ্বালানি খাত উপরে থাকছে বলে জানান অর্থমন্ত্রী। এরপরেই থাকছে কৃষি ও মানবসম্পদ উন্নয়ন।
বড় ধরনের প্রকল্পের মধ্যে ‘মানবসম্পদ প্রশিক্ষণ’ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
গত বছর টাঙ্গাইল জেলার জন্য ‘জেলা বাজেট’ তৈরি করা হয়েছিল। এবার সাতটি জেলার জন্য করা হবে বলে জানান অর্থমন্ত্রী।
বৈঠকে ফসলের বৈচিত্র্যকরণ, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) গতিশীল করা এবং ব্যাংকিং ব্যবস্থাপনা উন্নত করার প্রম্তাব এসেছে বৈঠকে, বলেন মুহিত।
বাজেট আলোচনার প্রস্তাব থেকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ ও রাজস্ব বিভাগের জন্য দুটি উপদেষ্টা কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।
