হল-মার্কের ৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে সোনালী ব্যাংকের মামলা
প্রায় ২২ কোটি টাকা পাওনা আদায়ে ঋণ কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত হল-মার্ক গ্রুপের তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে সোনালী ব্যাংক।
বৃহস্পতিবার ঢাকার ১ নম্বর অর্থঋণ আদালতে মামলাগুলি দায়ের করেন সোনালী ব্যাংকের রূপসী বাংলা করপোরেট শাখার কর্মকর্তা আব্দুস সালাম।
মামলায় হল-মার্ক প্যাকেজিং লিমিটেড, হলমার্ক স্টাইল লিমিটেড এবং হলমার্ক এক্সেসরিজ লিমিটেডকে বিবাদি করা হয়েছে।
সোনালী ব্যাংকের আইনজীবী হোসনে আরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালতের বিচারক মো. রবিউজ্জামান বিবাদীদের সমন পাওয়ার বিষয়ে জানতে আগামী ৪ মে মামলার পরবর্তী শুনানির দিন রেখেছেন।
হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বর্তমানে কারাগারে আছেন। তার স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম গ্রেপ্তার হলেও বর্তমানে জামিনে রয়েছেন।
সাভারে হল-মার্কের জমি
মামলায় বলা হয়েছে, হল-মার্কের এই তিনটি প্রতিষ্ঠান সোনালী ব্যাংকের হোটেল রূপসী বাংলা শাখা থেকে ২১ কোটি ৭১ লাখ ২২ টাকা ঋণ নেয়। দুই বছর অতিবাহিত হলেও প্রতিষ্ঠান তিনটি ব্যাংকের টাকা পরিশোধ করেনি।
পাওনা টাকা আদায়ে এপর্যন্ত দু’দফায় হল-মার্ক গ্রুপ সংশ্লিষ্ট নয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করলো সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা।
এর আগে মঙ্গলবার হলমার্ক ডেনিম কম্পোজিট, হলমার্ক নিট কম্পোজিট, জিসান নিট কম্পোজিট, ফারহান ফ্যাশন, মেসার্স পারফেক্ট অ্যাম্ব্রয়ডারি ও হলমার্ক নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের বিরুদ্ধে ৬টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে।
এই নয়টি প্রতিষ্ঠানের কাছে সোনালী ব্যাংকের ৫৯ কোটি ৬৫ লাখ টাকা পাওনা আছে।
রূপসী বাংলা হোটেল শাখার উপমহাব্যবস্থাপক আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঋণগ্রহীতা হল-মার্কের আরো পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
“পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এই মামলা করা হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধেও মামলার প্রক্রিয়া চলমান। এবিষয়ে আইনজীবীরা কাজ করছেন।”
ঋণের বিপরীতে রাখা জামানত ও জব্দ করা সম্পত্তির পরিমাণ হিসাবে নিয়েই মামলা করা হয়েছে বলে জানান শাখা ব্যবস্থাপক।
মামলার করার আগে ঋণের বিপরীতে থাকা হলমার্কের বন্ধকি ১৪ কারখানা জমিসহ নিলামে তোলে সোনালী ব্যাংক। অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ১২(৩) ধারা মোতাবেক ১০ ও ১৬ মার্চ দু’দফায় নিলাম ডাকা হলেও কোনো ক্রেতা পাওয়া যায়নি।
সোনালী ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, সম্পত্তি বিক্রি না হওয়ায় পাওনা টাকা আদায়ে আরো বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে। বন্ধকি সম্পত্তি নিলামে বিক্রি না হলে অর্থঋণ আদালত থেকে ডিক্রি দেওয়ার বিধান রয়েছে।
ডিক্রি অনুযায়ী হল-মার্কের মালিক টাকা দিতে বাধ্য হবেন। টাকা পরিশোধ করতে না পারলে তাকে কারাগারে থাকতে হবে। আর ব্যাংক নিজের মত করে সম্পদ বিক্রি করতে পারবে।
২০১২ সালের মাঝামাঝি সময়ে ব্যাংক খাতের সর্ববৃহৎ এই ঋণ জালিয়াতির ঘটনা ধরা পড়ে। এঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তাঁর স্ত্রী এবং গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরে জেসমিন জামিন পান।
সোনালী ব্যাংকের হিসাব অনুযায়ী, হল-মার্ক গ্রুপ দুই হাজার ৬৪০ কোটি টাকা নিয়েছে, যার মধ্যে বৈধ ঋণ ৩৯৮ কোটি টাকা। বাকী টাকা জালিয়াতি করে নেওয়া হয়েছে। পরে এই ব্যবসায়ী গ্রুপ থেকে ৪১০ কোটি টাকা সমন্বয় করা হয়েছে।
আবুল হাশেম জানান, এসব ঋণের বিপরীতে সোনালী ব্যাংকের কাছে হল-মার্ক গ্রুপের ১১৫০ কোটি টাকার জামানত আছে, যার মধ্যে অধিগ্রহণ করা জমি ও কারখানার মালামালও রয়েছে।
রূপসী বাংলা হোটেল করপোরেট শাখার কাছে হল-মার্ক গ্রুপের ফান্ডেড দায়ের পরিমাণ ১৭০৫ কোটি ৪১ লাখ টাকা।
এর মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন এলসির বিপরীতে হলমার্ক ডেনিম কম্পোজিটের ১৬ কোটি ৭৭ লাখ টাকা, হলমার্ক নিট কম্পোজিটের ৬ কোটি ৩৭ লাখ টাকা, জিসান নিট কম্পোজিটের ৫ কোটি ১৩ লাখ টাকা, ফারহান ফ্যাশনের ২৮ লাখ টাকা, মেসার্স পারফেক্ট অ্যাম্ব্রয়ডারির ৫ কোটি ৬৬ লাখ টাকা ও হলমার্ক নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের ৩ কোটি ৫৬ লাখ টাকা ফান্ডেড দায় রয়েছে।
এছাড়া হলমার্ক স্টাইলের দায় ৯ কোটি ১৮ লাখ, হলমার্ক এক্সেসরিজের দায় ১০ কোটি ৯২ লাখ এবং হলমার্ক প্যাকেজিংয়ের দায় ১ কোটি ৭৫ লাখ টাকা।
