এনবিআরের প্রাকবাজেট আলোচনা শুরু মঙ্গলবার
কৃষি ও পোল্ট্রি খাতের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের মধ্যে দিয়ে এপ্রিলের প্রথম দিন শুরু হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক-বাজেট আলোচনা।
পুরো মাস জুড়ে মোট ১৮টি খাতের প্রতিনিধিদের সঙ্গে আগামী জাতীয় বাজেটের বিষয়ে মতবিনিময় করবে এনবিআর।
বৃহস্পতিবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি বৈঠকই হবে সেগুনবাগিচায়, বোর্ডের সভা কক্ষে।এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন এসব আলোচনায় সভাপতিত্ব করবেন।
তেল, গ্যাস, খাদ্য, পানীয়, সিগারেট এবং কাগজ, মুদ্রণ, প্রকাশনা, চলচ্চিত্র ও বিজ্ঞাপন শিল্প সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা হবে ২ এপ্রিল।
পরদিন ৩ এপ্রিল আলোচনা হবে ওষুধ, ক্লিনিক ও ডায়াগনস্টিক এবং টয়লেট্রিজ, কেমিক্যালস, পেইন্ট, ভার্নিস, চামড়া ও কসমেটিক্স শিল্পের প্রতিনিধিদের সঙ্গে।
২০ এপ্রিল মেট্রোপলিটন চেম্বার, ২৩ এপ্রিল ঢাকা ও চট্টগ্রাম চেম্বার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে এনবিআর।
২৯ এপ্রিল দেশের শীর্ষ চেম্বার এবং অ্যাসোসিয়েশনের প্রধানদের সঙ্গে মতবিনিময়ের মধ্যে দিয়ে শেষ হবে এনবিআরের ২০১৪-১৫ অর্থবছরের প্রাকবাজেট আলোচনা।
এনবিআর কর্মকর্তারা বলছেন, দেশের শিল্প বিকাশে বিভিন্ন খাতের প্রতিনিধিরা এ সব আলোচনায় যেসব প্রস্তাব দেবেন, সেগুলো পর্যালোচনা করে বাজেটে অন্তর্ভূক্ত করতে অর্থ মন্ত্রণালয়কে সুপারিশ করা হবে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, ৫ জুন জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। এবারের বাজেটের আকার আড়াই লাখ টাকা হবে বলেও জানিয়েছেন তিনি।
আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর এটিই হবে প্রথম বাজেট।
চলতি ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা। ২০১২-১৩ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ১ লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা কমে ১ লাখ ৮৯ হাজার ৩২৬ কোটি টাকায় দাঁড়ায়।
তার আগের অর্থবছরের (২০১১-১২) বাজেট ছিল ১ লাখ ৫২ হাজার ৪২৮ কোটি টাকার।
এদিকে এনবিআরের আগেই প্রাক-বাজেট আলোচনা শুরু করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), বাংলাদেশ অর্থনীতি সমিতি, ইকনোমিক রিসার্চ গ্রুপ (ইআরজি) এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) প্রতিনিধিদের সঙ্গে নতুন বাজেট নিয়ে মতবিনিময় করেন তিনি।
