বাজেট প্রস্তুতিতে অর্থমন্ত্রী
গবেষকদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার থেকে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট আলোচনা শুরু করছেন।
এবারের বাজেটের আকার আড়াই লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। আগামী ৫ জুন অর্থমন্ত্রী বর্তমান সরকারের প্রথম এবং তার অষ্টম বাজেট পেশ করবেন।
মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এ মতবিনিময় চলবে। এরপর এ সব আলোচনা থেকে যে সব সুপারিশ আসবে- সেগুলো পর্যালোচনা করে অর্থমন্ত্রী জাতীয় সংসদে বাজেট পেশ করবেন। আলোচনার পর জুনের শেষের দিকে তা পাস হবে।
আগামী বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো কিছুই এখনো ঠিক হয়নি। প্রতিবারের ধারাবাহিকতায় আমরা প্রাক-বাজেট আলোচনা শুরু করছি।”
ধারাবাহিক এই আলোচনায় অর্থনীতিবিদ, গবেষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি সংসদ সদস্যরাও অংশ নেবেন।
আলোচনায় যে সব প্রস্তাব আসবে সেগুলো বাজেটে প্রতিফলিত হবে হবে বলে জানান অর্থমন্ত্রী।
“শুধু এটা বলতে পারি। আমাদের অর্থনীতি যেভাবে বাড়ছে, তাতে এবারের বাজেটের আকার আড়াই লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।”
চলতি ২০১৩-১৪ অর্থবছরের বাজেটের আকার ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা। ২০১২-১৩ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ১ লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা কমে ১ লাখ ৮৯ হাজার ৩২৬ কোটি টাকায় দাঁড়ায়।
ফাইল ছবি
তার আগের অর্থবছরের (২০১১-১২) বাজেটের আকার ছিল ১ লাখ ৫২ হাজার ৪২৮ কোটি টাকা।
নতুন সরকারের প্রথম বাজেটে আগের মতোই কৃষি, মানব সম্পদ, বিদ্যুৎ ও জ্বালানি এবং অবকাঠামো খাতকে অগ্রাধিকার দেয়া হবে বলে জানান মুহিত।
“গত বছরের শেষ কয়েকটি মাসে হরতাল-অবরোধসহ ধ্বংসাত্মক কর্মসূচিতে আমাদের অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়েছে। জরুরিভিত্তিতে কিছু পদক্ষেপ গ্রহণের ফলে ইতোমধ্যেই আমরা সে ক্ষতি কাটিয়ে উঠতে শুরু করেছি। নতুন বাজেটের মাধ্যমে তা দ্রুত সম্পন্ন করা হবে।”
বিনিয়োগ বাড়ানো নতুন বাজেটের অন্যতম প্রধান লক্ষ্য হবে বলে জানান মুহিত।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ২০১৪-১৫ অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ পুরোদমে এগিয়ে চলছে। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন মন্ত্রণালয়কে তাদের কাঙ্ক্ষিত বরাদ্দ চেয়ে চিঠি দেয়া হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডও (এনবিআর) কর প্রস্তাব নিয়ে কাজ করছে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, ঢাকা চেম্বার, মেট্টেপলিটন চেম্বারসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময় করবে।
এফবিসিসিআই ইতিমধ্যেই নতুন বাজেটের সুপারিশ চেয়ে দেশের বিভিন্ন চেম্বার ও এসোসিয়েশনকে চিঠি দিয়েছে।
প্রতিবারের মতো এবারও মে মাসের মাঝামাঝি সময়ে জাতীয় রাজস্ব বোর্ড এবং এফবিসিসিআই’র যৌথ উদ্যোগে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হবে।
প্রাক বাজেট আলোচনা বৃহস্পতিবার থেকে
প্রতিবারের মতো এবারো প্রাক বাজেট আলোচনা করছেন অর্থমন্ত্রী। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), বাংলাদেশ অর্থনীতি সমিতি, ইকনোমিক রিসার্চ গ্রুপ (ইআরজি) এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে শুরু হবে এ আলোচনা।
বৃহস্পতিবার বেলা ১১টায় অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে চলবে এ মতবিনিময়।
