২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক আমানত বাড়ছে, তুলনায় ঋণ বিতরণ কম

গত এক বছরে ব্যাংকগুলোতে আমানতের পরিমাণ যে হারে বেড়েছে, সেই অনুপাতে বাড়েনি ঋণ বিতরণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2014, 11:56 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি শেষে একবছরে ব্যাংক খাতে আমানতে প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ৬৮ শতাংশ। আর ঋণ বিতরণে প্রবৃদ্ধির হার ১০ দশমিক ৬৮ শতাংশ।

এই সময়ে ব্যাংক খাতে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৭৯ হাজার ৬৪১ কোটি ৭০ লাখ টাকা, যা ২০১৩ সালের জানুয়ারি শেষে ৪ লাখ ৯৬ হাজার ৭৬৩ কোটি ৪০ লাখ টাকা ছিল।

একই সময়ে ব্যাংকগুলো ঋণ বিতরণ করেছে ৪ লাখ ৫৬ হাজার ৪৬০ কোটি ৭০ লাখ টাকা, যা আগের বছরের জানুয়ারি শেষে ছিল ৪ লাখ ১২ হাজার ৪১৩ কোটি ৩০ লাখ টাকা।

এই হিসাবে আমানত ও ঋণের অনুপাত (এডিআর) দাঁড়ায় ১০০: ৭১। অর্থাৎ, ব্যাংকগুলো যেখানে ১০০ টাকা আমানত নিচ্ছে, সেখানে ঋণ দিচ্ছে ৭১ টাকা।

নিয়ম অনুযায়ী, ১০০ টাকার আমানতের বিপরীতে ব্যাংক সর্বোচ্চ ৮১ টাকা পর্যন্ত ঋণ বিতরণ করতে পারে। বাকি ১৯ টাকা বিধিবদ্ধ জমা (সিআরআর ও এসএলআর) হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে রাখতে হয়।

ওই সীমার কাছাকাছিও ঋণ বিতরণ দিতে না পারার পেছনে দেশে বিনিয়োগের উপযোগী পরিবেশের ঘাটতি ও ঋণের উচ্চ সুদহার এবং বিদেশ থেকে ঋণ গ্রহণের সুযোগ বাড়ানোকেই কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখনো বিনিয়োগের পরিবেশ ইতিবাচক হয়নি। রাজনৈতিক অস্থিরতা না থাকলেও অনিশ্চয়তা রয়েছে। গ্যাস-বিদ্যুতের সংযোগও আশানুরূপ পর্যায়ে যায়নি। ফলে বিনিয়োগের ততোটা চাহিদাও সৃষ্টি হয়নি। এছাড়া সোনালী ব্যাংকের হল-মার্ক কেলেঙ্কারি পরবর্তী সংকটও এখনো কাটেনি।”

ব্যাংকগুলো আমানত সংগ্রহ করলেও এসব কারণে সেই অনুপাতে ঋণ বিতরণের সুযোগ পাচ্ছে না বলে মনে করছেন সোনালী ব্যাংকের পরিচালক জায়েদ বখত।

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাছান জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিদেশ থেকে যে ঋণ নেয়ার সুযোগ দেয়া হয়েছে; তার একটা প্রভাব অভ্যন্তরীণ বাজারে পড়েছে। আমরা সেটাই চাইও। কারণ, এর মাধ্যমে ঋণের সুদহার কিছুটা হলেও কমবে।”

পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সার্বিকভাবে ঋণের চাহিদা কিছুটা কম। পাশাপাশি ব্যাংকগুলো দেখেশুনে ঋণ বিতরণ করছে।

“আবার বিদেশ থেকে যে ঋণ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে তাও প্রভাব ফেলেছে।”

ব্যাংকগুলো ঋণ বিতরণ করতে না পারায় সরকারের বিভিন্ন সিকিউরিটিজে (ট্রেজারি বিল, বন্ড) বিনিয়োগ বাড়িয়েছে।

২০১৩ সালের জানুয়ারি তুলনায় গত জানুয়ারিতে এ খাতে ব্যাংকের বিনিয়োগ বেড়েছে প্রায় ৩৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জানুয়ারি শেষে এ খাতে ব্যাংকগুলোর বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ৯১৩ কোটি ৯০ লাখ টাকা, যা ২০১৩ সালের জানুয়ারি শেষে ছিলো ১ লাখ ১১ হাজার ৭৪ কোটি ৫০ লাখ টাকা।