স্বেচ্ছাসেবী সংস্থা সংক্রান্ত অধ্যাদেশ সংস্কার প্রয়োজন: মুহিত
প্রায় অর্ধশত বছরের পুরনো স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সংক্রান্ত অধ্যাদেশ সংস্কার করার প্রয়োজন বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদে ‘জাতীয় সামাজিক সুরক্ষা কৌশল’ এর খসড়ার ওপর আলোচনা অনুষ্ঠানে একথা বলেন তিনি।
“আমাদের একটা সমস্যা হচ্ছে, সমাজ সেবা যারা করেন, তাদের নিবন্ধন। আইনটা ১৯৬১ সালের, আসলে এটা ১৮৬১ সালের। ওইভাবেই রয়েছে। এই আইনটা পরিবর্তন করা উচিত।
স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমুহ (নিবন্ধন ও নিয়ন্ত্রন) অধ্যাদেশ নামে আইনটি ১৯৬১ সালের ২ ডিসেম্বর জারি করা হয়।
মুহিত বলেন, “এটা পরিবর্তন করে আরেকটা জিনিস চিন্তা করা উচিত। ইউ হ্যাভ ক্লাসিফিকেশন অব আ ইনস্টিটিউশন। একটা ক্লাসিফিকেশন আমরা বাধ্য হয়ে করেছি। সেটা হচ্ছে, যারা বিদেশ থেকে সাহায্য পায়, এনজিও ব্যুরোর কাছে তাদের নিবন্ধিত হতে হবে।
“ন্যাশনাল, লোকাল নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা হলো প্রায় ৬৮ লাখ। তারমধ্যে ন্যাশনাল হচ্ছে প্রায় ৩৫ লাখ। এর মধ্যে কতকগুলো জাস্ট বোগাস। এই নিবন্ধন প্রক্রিয়াকে শক্তিশালী করা দরকার।”
জাতীয় সামাজিক সুরক্ষা কৌশল
দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের রাষ্ট্রীয় সুবিধা দেওয়ার জন্য পরিকল্পনা মন্ত্রণলয় ‘জাতীয় সামাজিক সুরক্ষা কৌশল’ এর খসড়া প্রস্তুত করেছে।
খসড়ায় বলা হয়েছে, গত অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ছিল মোট জিডিপির ২ দশমিক ২ শতাংশ (২ দশমিক ৯ বিলিয়ন ডলার), ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় ২০১৫ সালের মধ্যে জিডিপির ৩ শতাংশ এই খাতে বরাদ্দের সুপারিশ রয়েছে।
সামাজিক সুরক্ষা কৌশলের সুরক্ষায় দরিদ্র শিশু ও স্কুল পড়ুয়া শিশু, নারী, বৃদ্ধ, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন ধরনের আর্থিক সহায়তার প্রস্তাব করা হয়েছে।
মুহিত বলেন, একান্তই গরীব, বয়স্ক নারী বিশেষ করে বিশেষ করে স্বামী পরিত্যাক্ত নারী এবং প্রতিবন্ধীরা সামাজিক নিরাপত্তার আওতায় আছেন।
“আমরা গত টার্মে শুরু করি ভিক্ষুক জরিপ। উদ্যেশ্য ছিল ভিক্ষুকবৃত্তি পাঁচ বছরে বিদায় করবো। এটাতে অগ্রগতি বিশেষ কিছু হয় নাই। কতকগুলি অ্যাকশন প্রোগ্রাম নেয়া হয়েছে, সেগুলো বিশেষ কিছু কাজের হয়নি।”
প্রতিবন্ধিদের সামাজিক সুরক্ষা দেওয়া ব্যয়বহুল উল্লেখ করে মুহিত বলেন, “আমাদের একটা বড় ধরনের বহু পুরনো স্যোশাল প্রেটেকশন হচ্ছে খাদ্য নিরাপত্তা। খাদ্য নিরাপত্তায় আমরা অনেক খরচ করি। এটা পূর্নবিবেচনা করার জন্য বহুদিন ধরে খাদ্য মন্ত্রণালয়কে বলে আসছি। এখন যে পযায়ে আছে এটা অর্থনীতির জন্য সহনীয় নয়, উচিতও নয়। কারন আমাদের দেশে খাদ্য নিরাপত্তা অনেক উন্নত এই মূহুর্তে।”
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ন্যাশনাল পেনশন স্কিম করে প্রায় ৩০ লাখ মানুষকে সুবিধা দেওয়ার পরিকল্পনাও সরকারের রয়েছে বলে জানান মুহিত।
