২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট নিয়ে গবেষণা হবে ঢাবিতে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন হয়েছে ‘বাজেট অন পলিসি সেন্টার’, যে কেন্দ্র নিয়ে আশাবাদী গভর্নর আতিউর রহমান।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 06:25 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

বুধবার নওয়াব নবাব আলী চৌধুরী সিনেট ভবনে এই গবেষণা কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠান হয়। গভর্নরের উপস্থিতিতে তা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

অনুষ্ঠানের বিশেষ অতিথি আতিউর বলেন, জাতীয় জীবনে বাজেট গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এ ব্যাপারে বাংলাদেশে গবেষণা প্রবণতা খুব বেশি দেখা যায় না।”

“আশা করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সদ্য প্রতিষ্ঠিত গবেষণা প্রতিষ্ঠানটি বাজেট নিয়ে গবেষণা করে জটিল বাজেটকে সহজভাবে উপস্থাপন করে বুঝতে সাহায্য করবে।”

অনুষ্ঠানে গভর্নর রচিত ‘ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ বই নিয়েও পর্যালোচনাও হয়।

অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাজেট প্রণয়ন ছাড়াও জাতীয় বাজেটে প্রণয়নের ক্ষেত্রে নব-প্রতিষ্ঠিত এই সেন্টার সরকারকে সঠিক তথ্য ও নির্দেশনা প্রদান করবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজেট অ্যান্ড পলিসি সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক কামাল উদ্দীন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের দায়িত্বেও রয়েছেন।

উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল হক, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক ও নির্বাহী প্রধান হেলাল আহমেদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নিয়াজ আহমেদ খান, সহযোগী অধ্যাপক কাজী মারুফুল ইসলাম এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাজেট অ্যান্ড পলিসি সেন্টারের পরিচালক অধ্যাপক এম আবু ইউসুফ।