সোনালী ব্যাংকের ভল্ট পরিদর্শনে নামছে কেন্দ্রীয় ব্যাংক
সুড়ঙ্গ খুড়ে ব্যাংক থেকে প্রায় ১৭ কোটি টাকা চুরির ঘটনার পর চেস্ট শাখা হিসেবে পরিচিত সরকারের ট্রেজারি কার্যক্রম পরিচালনাকারী সোনালী ব্যাংকের শাখাগুলোর ভল্ট পরিদর্শনে নামছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংকের চারটি আলাদা দল পরিদর্শন শুরু করবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিশোগঞ্জের ঘটনার পর আমরা (বাংলাদেশ ব্যাংক) এই পরিদর্শনের প্রয়োজন বোধ করছি। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে এই পরিদর্শন কার্যক্রম শুরু হবে।”
শুক্রবার রাতে কিশোরগঞ্জের সোনালী ব্যাংকের শাখার ভল্ট থেকে সুড়ঙ্গ খুঁড়ে থেকে প্রায় ১৭ কোটি টাকা চুরি যায়। রোববার ব্যাংকের শাখায় ১৬ কোটি ৪০ লাখ টাকা চুরির ঘটনা ধরা পড়ে।
চুরির ঘটনা ধরা পড়ার দুই দিনের দিনের মধ্যে মঙ্গলবার বিকালে রাজধানী থেকে ওই টাকার অধিকাংশই উদ্ধার করা হলেও ২১ লাখ টাকার খোঁজ পাওয়া যায়নি।
দেশের যেসব স্থানে বাংলাদেশ ব্যাংকের শাখা নেই সেখানে সোনালী ব্যাংকের প্রধান শাখাগুলো বাংলাদেশ ব্যাংকের ভল্টের দায়িত্ব পালন করে। সোনালী ব্যাংকের ৬৬টি শাখা এ দায়িত্ব পালন করছে।
ফায়ার সার্ভিস, প্রকৌশল বিভাগ, স্থানীয় প্রশাসনের অনুমোদনের পরই বাংলাদেশ ব্যাংক চেস্ট শাখার অনুমোদন দিয়ে থাকে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের শাখা আছে এমন এলাকায় সোনালী ব্যাংকের শাখা সাব-চেস্ট শাখার দায়িত্ব পালন করে।
বাংলাদেশ ব্যাংকের মতিঝিল, সদরঘাট, চট্রগ্রাম, খুলনা, বগুড়া, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর শাখা এলাকায় সোনালী ব্যাংক সাব-চেস্ট শাখা হিবেবে কাজ করছে।
এর বাইরের শাখাগুলোকে নন চেস্ট শাখা বলা হয়ে থাকে, যাদের নিজস্ব টাকা রাখার ভল্ট থাকলেও কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের প্রয়োজন পড়ে না। নিজস্ব প্রয়োজনেই এসব ভল্ট ব্যবহার করে থাকে ব্যাংকগুলো।
পরিদর্শনের প্রথম দিনে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদি, নেত্রকোনা, টাঙগাইল, গাজীপুর, জামালপুর, শেরপুরের চেস্ট শাখা পরিদর্শন করা হবে।
পরিদর্শনে ভল্টের অবকাঠামো, আয়তন, অনুমোদিত ধারণক্ষমতা, রক্ষিত অর্থের পরিমাণ, বীমা কভারেজ, ইমারতের মান, ভল্টের কাছাকাছি নিরাপত্তা ব্যবস্থা, ভল্টে অর্থ সংরক্ষণের ধরন, দৈনন্দিন ক্যাশ ব্যবস্থাপনা, দিন শেষে লেনদেনের তথ্য ও বিগত এক মাসের দৈনিক লেনদেনের তথ্য সংরক্ষণ করবে পরিদর্শন টিম।
কিশোরগঞ্জে ব্যাংক শাখা থেকে টাকা চুরির ঘটনার পরপরই ২৭ জানুয়ারী ব্যাংকের ভল্টের নিরাপত্তা বাড়ানোর বিষয়ে একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
