ব্যাংকের ভল্টের নিরাপত্তা বাড়াতে নির্দেশ
ব্যাংকগুলোর ভল্টের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোনালী ব্যাংকের কিশোরগঞ্জ জেলা প্রধান কার্যালয়ে সুড়ঙ্গ খুঁড়ে সাড়ে ১৬ কোটি টাকা চুরির পর সোমবার সব ব্যাংকের প্রধান নির্বাহীকে এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
‘ব্যাংকসমূহের ভল্টের নিরাপত্তা নিশ্চিতকল্পে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ’ শীর্ষক প্রজ্ঞাপনে বলা হয়েছে, উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, ব্যাংকসমূহের ভল্টে রক্ষিত অর্থের যথাযথ নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে বাংলাদেশ ব্যাংক সময়ে সময়ে নির্দেশনা দিলেও ব্যাংকগুলো সে সকল নির্দেশনার যথাযথ পরিপালন করছে না।
“এর ফলে সম্প্রতি ভল্টের নিরাপত্তাবেষ্টনী ধ্বংস করে ব্যাংকের ভল্টে রক্ষিত অর্থ চুরির ঘটনা ঘটেছে। এমতাবস্থায়, ব্যাংক ভল্ট-এর নিরাপত্তার বিষয়টি অধিকতর শক্তিশালী ও যুগোপযোগী করতে হবে।”
আর এ লক্ষ্যে কাঠামোগত, প্রযুক্তি এবং বীমা নিরাপত্তা বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কাঠামোগত নিরাপত্তা
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে ব্যাংকের ভল্ট-স্পেস বিশেষভাবে সুরক্ষিত করার জন্য ইস্পাতবেষ্টনী নির্মাণসহ ভল্টে সিকিউরিটি টেস্টেড দরজা স্থাপনের কথা বলা হয়েছে। তাছাড়া মেঝে ও ছাদসহ ভল্টের চারপাশের নির্মিত দেয়ালের নিরাপত্তার বিষয়টি পুর প্রকৌশলী কর্তৃক প্রত্যায়িত হতে হবে বলে জানানো হয়েছে।
প্রযুক্তিগত নিরাপত্তা
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ভল্টের অভ্যন্তরে সিসি টিভি বসানোসহ সিকিউরিটি অ্যালার্মের সার্বক্ষণিক ব্যবস্থা রাখতে হবে। ভল্টের সিকিউরিটি সিস্টেমের সাথে ব্যাংকের সেন্ট্রাল ইনফরমেশন সিস্টেমের নিরবিচ্ছিন্নভাবে সংযোগের ব্যবস্থা রাখতে হবে। এছাড়া সব ভল্টের ভিতর স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখতে হবে।
বীমা নিরাপত্তা
সার্কুলারে ভল্টে রক্ষিত পুরো অর্থের পূর্ণ বীমা আচ্ছাদন নিশ্চিত করার কথাও বলেছে বাংলাদেশ ব্যাংক।
