১১ কোটি ডলারের বিদেশি ঋণ অনুমোদন
বিদেশি উৎস থেকে ১০ কোটি ৬৬ লাখ ডলারের ঋণ নেওয়ার অনুমতি পেয়েছে বেসরকারি খাতের ১৩টি প্রতিষ্ঠান।
রোববার বেসরকারি খাতে বৈদেশিক ঋণ অনুমোদন সংক্রান্ত বাছাই কমিটির ৮২তম সভায় এই অনুমোদন দেয়া হয় বলে বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কমিটির প্রধান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়, বিনিয়োগ বোর্ড, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২ কোটি ডলার, এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ৪ কোটি ৫০ লাখ ডলার, সামুদা কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেড এককোটি ২৭ লাখ ডলার, প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড ৪৫ লাখ ডলার, রহিম আফরোজ অ্যাকুমুলেটরস লিমিটেড ৩০ লাখ ডলার, জেনেসিস ফ্যাশন লিমিটেড ৫০ লাখ ডলার, কারুপণ্য লিমিটেড ৩০ লাখ ডলার, এনভয় টেক্সটাইল লিমিটেড ৩৫ লাখ ডলার, রোজ ড্রেসেস লিমিটেড ২৫ লাখ ডলার ও প্লুমী ফ্যাশনস লিমিটেড ২৮ লাখ ডলার ঋণ নিতে পারবে।
এছাড়া বাকী অর্থ আরো তিনটি কোম্পানির জন্য অনুমোদন করা হয়েছে।
ছয় মাসমেয়াদি লাইবরের (লন্ডন আন্তঃব্যাংক অফার রেট) সঙ্গে ৪ দশমিক ৫০ শতাংশ যোগ করে এসব ঋণের সর্বোচ্চ সুদহার ঠিক করা হবে।
বৈঠকে জানানো হয়, ২০১২-১৩ অর্থবছরে এই কমিটি ১৮২ কোটি ১০ লাখ ডলার বৈদেশিক ঋণ অনুমোদন করেছে, যা আগের ২০১১-১২ অর্থবছরের তুলনায় ৪৩ শতাংশ বেশি। ওই সময়ে এই কমিটি ১০৪ কোটি ডলার ঋণ অনুমোদন করে।
এছাড়া বেসরকারি খাতের বেশ কিছু বৈদেশিক ঋণ প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এধরণের বৈদেশিক অর্থায়ন মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে সহায়তা করবে বলে কমিটি মনে করে। একইসঙ্গে দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্যে ইতিবাচক প্রভাব ফেলবে।
