রাজস্ব আদায় বাড়ানোর তাগিদ অর্থ প্রতিমন্ত্রীর
রাজস্ব আদায় বাড়ানোর তাগিদ দিয়ে তাতে কর্মকর্তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।
আন্তর্জাতিক কাস্টমস দিবসে রোববার চট্টগ্রাম কাস্টমস হাউজে এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এই আশ্বাস দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, “সরকার ব্যবসাবান্ধব পরিবেশ গড়তে চায়। সঠিক উপায়ে রাজস্ব আদায়ের কাজে সরকার সবসময় সহযোগিতা করবে।”
চট্টগ্রামের উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
চট্টগ্রাম কাস্টমস কমিশনার মো. মাসুদ সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন এনবিআর সদস্য (শুল্কনীতি) মো. ফরিদ উদ্দিন, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম আকতার হোসেন, চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার আবদুল মান্নান শিকদার, ট্যাক্সেস আপিল ট্রাইব্যুনালের সদস্য রমেন্দ্র চন্দ্র বসাক, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কাস্টমস দিবস নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস ট্রেনিং একাডেমি, চট্টগ্রামের পরিচালক আনোয়ার হোসেন।
