২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বিদ্যুৎ প্রকল্পে অর্থায়নে কেন্দ্রীয় ব্যাংক

চট্টগ্রামে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ৫০ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংকের ইনভেস্টমেন্ট প্রমোশন ও ফিন্যান্সিং ফ্যাসিলিটি (আইপিএফএফ) প্রকল্প।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 10:08 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

মঙ্গলবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে দুই পক্ষের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে।

চুক্তি অনুযায়ী বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে ২১ দশমিক ৯৭৫ মিলিয়ন ডলার পাবে।

এই তহবিলের ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক লিমিটেড।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গভর্নর আতিউর রহমান ব্যক্তি খাতে উদ্যোক্তাদের সহায়তার আশ্বাস দিয়ে বলেন, “অবকাঠামো খাতে প্রকল্প প্রণয়ন ও অর্থায়ন সংগ্রহের জন্য দরকারি জ্ঞান ও দক্ষতা অর্জনে আইপিএফএফ সহায়তা দিতে প্রস্তুত।”

এরকম আরো কয়েকটি প্রকল্পে বেসরকারি খাতের সঙ্গে অর্থায়নের বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম, ইউসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মাদ আলী, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ চৌধুরী, বিশ্বব্যাংকের আর্থিক খাত বিশেষজ্ঞ এ কে এম আবদুল্লাহ, বারাকা পতেংগা পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী,  ব্যবস্থাপনা পরিচালক গোলাম রাব্বানী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় বাংলাদেশ ব্যাংক আইপিএফএফ প্রকল্প বস্তবায়ন করছে।

এই প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ, বন্দর, পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক, বিমানবন্দর, পানি সরবরাহ, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক খাত এবং তথ্য প্রযুক্তি খাতের আবকাঠামোগত উন্নয়নে অর্থায়ন করা হয়।