উন্নয়নে প্রয়োজন মানসিকতা: জাইকা প্রধান
আরো ভালো সুফল পেতে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডগুলোকে আঞ্চলিক ও উপ-আঞ্চলিক প্রেক্ষাপটে সাজাতে হবে বলে মনে করেন জাপানের উন্নয়ন সংস্থা জাইকার বিদায়ী আবাসিক প্রতিনিধি তাকাও তোদা।
ছবি: মুস্তাফিজ মামুন ছবি: মুস্তাফিজ মামুন
ছবি: মুস্তাফিজ মামুন ছবি: মুস্তাফিজ মামুন
ছবি: মুস্তাফিজ মামুন ছবি: মুস্তাফিজ মামুন
ছবি: মুস্তাফিজ মামুন ছবি: মুস্তাফিজ মামুন
তিনি মনে করেন, সুশিক্ষিত বিশাল তরুণ জনগোষ্ঠীকে নিয়ে বাংলাদেশ ‘বিশ্ব প্রেক্ষাপটে প্রভাবশালী কর্তা’ হিসেবে আবির্ভূত হতে পারে, যাকে তিনি ‘পপুলেশন বোনাস’ আখ্যা দেন।
সম্প্রতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের উন্নয়ন, আঞ্চলিক উন্নয়নে ভূমিকা ও অর্থনৈতিক স্বনির্ভরতাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।
তোদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উন্নয়নের ধারণা বদলাতে হবে। কারণ তার কাছে, ‘উন্নয়ন হলো একধরনের মানসিকতা, এটা শুধু অর্থ বা এমনকি প্রযুক্তির ব্যাপার নয়।
জাইকার মাধ্যমে জাপান এ পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী হিসেবে ভূমিকা রেখে আসছে।
অর্থ মন্ত্রণালয়ের হিসাবে, স্বাধীনতার পর থেকে এপর্যন্ত জাপান বাংলাদেশকে ১১০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে গত বছর পর্যন্ত ৭০০ কোটি ডলার ব্যবহার করা হয়েছে।
জাপানের এই আর্থিক সহযোগিতার মধ্যে সেতু নির্মাণ থেকে শুরু করে বর্জ্য ব্যবস্থাপনা ও হাসপাতালের রোগীদের সহায়তার মতো প্রকল্প রয়েছে।
তোদা বলেন, ভবিষ্যতে কয়লা বিদ্যুৎসহ ‘বেশকিছু উচ্চাভিলাষী প্রকল্পে’ জাইকা বাংলাদেশের পাশে থাকবে। তবে এসব বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
তিনি বলেন, ২০০৯ সালে ঢাকায় আসার পরই তিনি বুঝতে পেরেছিলেন ‘জাপানসহ আন্তর্জাতিকভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হবে বাংলাদেশ।’
২৪ জানুয়ারি ঢাকা ছাড়ার প্রস্তুতি নেয়ার কালে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত বছরগুলোতে বাংলাদেশর গুরুত্ব উল্লেখযোগ্য হারে বেড়েছে।”
ভূ-রাজনৈতিকভাবে বাংলাদেশের অবস্থানকে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে বাণিজ্য ও বিনিয়োগের জন্য আরো সংযোগের ওপর গুরুত্ব আরোপ করেন তোদা।
এজন্য তিনি পুরো উন্নয়নের বিষয়টিকে আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে সাজানোর ওপর জোর দেন।
উদাহরণ হিসেবে তিনি বলেন, মানুষ যখন বহুল আলোচিত পদ্মা সেতু নিয়ে কথা বলে তখন তারা শুধু কেন্দ্রের সঙ্গে ৬ কোটি মানুষের সংযোগের কথা বলেন।
“কিন্তু এই পদ্মা সেতু ব্যাংকক থেকে রোমের মতো ঢাকা ও কলকাতার সঙ্গে সংযোগ এবং ভারতের হয়ে মধ্য এশিয়ার দরজা হিসেবে ব্যবহৃত হবে।”
টোকিও-ওসাকার চেয়ে ঢাকা-চট্টগ্রাম হাইওয়েকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন তিনি।
“কারণ এটা কলকাতা-ইয়াঙ্গুনের মধ্যে সংযোগ স্থাপন করবে। কাজেই এর উপকারিতা অনেক।”
তবে গত দশকে প্রতিবেশিদের সঙ্গে বাণ্যিজ্য ‘মারাত্মকভাবে কমায়’ সংযোগের ক্ষেত্রে ভাল উন্নতি দেখেননি তিনি।
‘ডিম আগে না মুরগী আগে’ ধরনের দুষ্টতর্ক ভেঙ্গে ফেলার উপর জোর দেন তোদাও।
তথাকথিত ‘এশিয়ান হাইওয়ে’র মধ্য দিয়ে চীনের কাছাকাছি হয়ে ভারত ও মিয়ানমারের মধ্যেকার ভূরাজনৈতিক অবস্থানকে নিকট ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
এক্ষেত্রে নেপাল ও ভুটানের মতো স্থলবেষ্টিত দেশসহ ভারতের সাতটি অঙ্গরাজ্যের সঙ্গে কাজ করার ওপর জোর দেন তিনি।
এমনকি তিনি রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারের সঙ্গে চলমান বিরোধ নিয়েও দেশটির সঙ্গে হাত হাত রেখে কাজ করার কথা বলেন তিনি।
আঞ্চলিক সংযোগের ক্ষেত্রে সরকারের কিছু কৌশল তিনি দেখতে পেয়েছেন মন্তব্য করে সেগুলো আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পরস্পর দ্বন্দ্বমান বিশ্ব শক্তির ক্ষমতা বলয়ের মধ্যে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, “সেক্ষেত্রে শুধু প্রাকৃতিক বিপর্যয় নয়, বৈশ্বিক অর্থনৈতিক ঝুঁকির মধ্যে সমাজের ঘুরে দাঁড়ানোর শক্তি জোরদার করতে হবে।”
“সামগ্রিক উন্নয়ন অব্যাহত থাকলে ক্ষমতা, স্বাধীনতা ও বিকল্প বেছে নেয়ার সুযোগও বাড়বে।”
তিনি বলেন, সামগ্রিক উন্নয়নের প্রক্রিয়ায় সবাইকে অংশ নিতে হয়। এটা সমাজকে স্থিতিশীল করে, একই সঙ্গে প্রবৃদ্ধিও নিশ্চিত করে।
তার বাংলাদেশের অবস্থানের সময় নতুন প্রকল্পে জাপানের সহযোগিতা বেড়েছে, যার মধ্যে রয়েছে ২৪৫ কোটি ডলারের জাপানি সহায়তার এমআরটি (মেট্রো রেল) প্রকল্প।
তিনি বলেন, জাপান বরাবর বৈদেশিক উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশকে গুরুত্ব দেয়। কারণ জাপান ‘দরিদ্রতার বেদনা’ বুঝে।
“কিন্তু বাংলাদেশি বুদ্ধিজীবীরা যখন বলেন, আমরা অনেক দরিদ্র, আমাদের অর্থ নেই, প্রযুক্তি নেই। এটা সত্য হলেও, প্রকৃত সত্যতা অন্য জায়গায়।
“তা হলো উন্নয়নের জন্য মনোগঠন।”
তোদা বলেন, তার সফরকালে তিনি দেখেছেন সমান অবকাঠামো ও বাজেট নিয়ে কিছু প্রাথমিক বিদ্যালয় ভাল করছে, আবার কিছু একেবারেই ভাল করছে না।
এক্ষেত্রে স্কুলের ব্যবস্থাপনা ও শিক্ষকদের মনোগঠনের উপর জোর দেন তিনি।
প্রবৃদ্ধিশীল অর্থনৈতিক উন্নয়নের পরেও তোদা মনে করেন, বিদেশি সাহায্য ছাড়া চলতে বাংলাদেশের আরো এক প্রজন্ম সময়ের প্রয়োজন হবে।
“সবাই একসঙ্গে কাজ করলে, সমাজে সামষ্টিক পরিবর্তন এলে তখন আর বিদেশি সাহায্যের দরকার হবে না। তবে তার জন্য আরো এক প্রজন্ম লাগতে পারে।”
তবে, তোদা ১৯৯০ পরবর্তী সময়ে বাংলাদেশের উন্নয়ন বিশেষ করে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের কথা উল্লেখ করে ‘দেশের সুনামকে ক্ষুণ্ন না করার’ পরামর্শ দেন।
তার সময়ে দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্বব্যাংক সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর জাইকাও এই প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়।
তবে দুর্নীতির বিষয়ে তোদা বেশি কথা বলেননি।
তিনি বলেন, “সবাই জানে দুর্নীতি খারাপ জিনিস, এটা সমাজে বিদ্যমান। কিন্তু আপনাকে ভাল ফলাফলের প্রশংসা করতে হবে।”
দুর্নীতিবিরোধী কর্মকাণ্ডের ভাল উদাহরণগুলো তুলে ধরতে তিনি সাংবাদিকদের কাছে আহ্বান জানান।
টোকিওতে ফিরে তোদা সংস্থার মানব সম্পদ উন্নয়ন বিভাগের দেখভাল করবেন বলে জানান তিনি। পরবর্তীতে তিনি এই বিভাগের মহাপরিচালক হিসেবেও কাজ করতে পারেন।
তবে দেশে ফিরেও তিনি তার বিভাগের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার আশা করেন তিনি।
ওই বিভাগের অধীনে শিক্ষা, স্বাস্থ্য ও সমাজ কল্যাণের বিভিন্ন বিষয় থাকায় ঢাকার সঙ্গে তার সংযোগ থাকার সুযোগ আছে বলে মনে মনে করেন তোদা।
