২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ সপ্তাহেই ‘আপদকালীন প্রণোদনার’ আশা ব্যবসায়ীদের 

বস্ত্রখাতে আপদকালীন সময়ের জন্য ‘বিশেষ প্রণোদনা’র বিষয়ে চলতি সপ্তাহেই সরকারি ঘোষণার আশা করছেন ব্যবসায়ীরা। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2014, 06:25 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠকে এমন কথাই বলেছেন এ খাতের ব্যবসায়ীদের দুই শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা।

অর্থমন্ত্রী বলেছেন, বৈঠকে ব্যবসায়ীদের দাবিগুলো নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।

বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমান, সহসভাপতি মো. হাতেম, বিজিএমইএর সাবেক সহসভাপতি সিদ্দিকুর রহমান, অর্থসচিব ফজলে কবির, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী এ বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে কোনো সিদ্ধান্ত না হওয়ায় বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম দাবিদাওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

তবে বিকেএমইএ সহসভাপতি মো. হাতেম সাংবাদিকদের বলেন, “অর্থমন্ত্রীর কাছে আমরা পাঁচটি দাবি জানিয়েছি। এগুলো হচ্ছে- আপদকালীন সময়ের জন্য এফওবি মূল্যের ওপর ৩ শতাংশ হারে প্রণোদনা দেয়া, স্বল্প সুদে কারখানা শ্রমিকদের চার মাসের বেতনের সম-পরিমাণ ব্যাংক ঋণ, যা দুই বছরে পরিশোধযোগ্য, উৎসে কর দশমিক ৮০ শতাংশ থেকে দশমিক ২৫ শতাংশ করা ও টেলিফোনিক ট্রান্সফারের (টিটি)  বিপরীতে নগদ সহায়তা দেয়া।

অবশ্য বস্ত্রখাতের উভেন, নিট ও টেরি টাওয়েল রপ্তানিতে টেলিফোনিক ট্রান্সফারের (টিটি) মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে রাপ্তানিকারকদের নগদ সহায়তা দিতে অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে একটি প্রজ্ঞাপন জারি করেছে বলে জানান তিনি।