‘ব্যবসা বন্ধ রাখা যায়, মুরগির ডিম পাড়া নয়’
রাজনৈতিক অস্থিতিশীলতায় পোল্ট্রিশিল্পকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে ২৫ হাজার ‘একদিনের মুরগির বাচ্চা’ নিয়ে প্রতিবাদ করেছেন পোল্ট্রি খামারিরা।
এ সময় বক্তারা বলেন, ইচ্ছা করলেই শিল্প প্রতিষ্ঠান বন্ধ রাখা গেলেও মুরগির ডিম পাড়া বন্ধ রাখা যায় না।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রায় হাজার খানেক খামারি এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক বলেন, “কেবল দুটি রাজনৈতিক জোটের ঝগড়ার কারণে দেশের দ্বিতীয় বৃহৎ এ শিল্প আজ ধ্বংসের মুখে।”
রাজনীতিবিদদের উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা রাজনীতিকরা ক্ষমতায় থাকবেন, ক্ষমতায় আসবেন এটাই আপনাদের বড় বিষয়। তাই বলে দেশের শিল্পগুলোকে আপনারা ধ্বংস করতে পারেন না।”
পোল্ট্রি শিল্পে ৭০ লাখ মানুষ কাজ করছে জানিয়ে এ খাতকে সকল রাজনৈতিক কর্মসূচির বাইরে রাখারও আহ্বান জানান আনিসুল হক।
অন্যদের মধ্যে বাংলাদেশ পোল্ট্রি সমন্বয় কমিটির আহ্বায়ক মশিউর রহমান এবং ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব সাইদুর রহমান সমাবেশে বক্তব্য দেন।
মসিউর রহমান বলেন, দেশে প্রতি সপ্তাহে প্রায় ১৫ হাজার টন ব্রয়লায় মুরগির মাংস এবং তিন কোটি ১৫ লাখ ডিম অবিক্রিত থাকায় তা নষ্ট হচ্ছে।
এ কারণে প্রতি সপ্তাহে ৩০ লাখ বাচ্চাকে মেরে ফেলতে হচ্ছে দাবি করে তিনি বলেন, “যার ফলে এযাবৎ দেড় লাখ খামারের মধ্যে ৩৬ হাজার খামার বন্ধ হয়ে গেছে।”
চলমান রাজনৈতিক অচলাবস্থার নিরসন না হলে সারাদেশে কয়েক লাখ খামারি ঢাকায় জড়ো করে অবস্থান ধর্মঘট করারও হুমকি দেন তিনি।
সাইদুর রহমান বলেন, “ইচ্ছা করলে শিল্প প্রতিষ্ঠান বন্ধ করা যায়। কিন্তু মুরগির ডিম পাড়া বন্ধ করা যায় না।”
আর এ কারণে উৎপাদন খরচের ৩০ থেকে ৪০ শতাংশ টাকা লোকসান হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, “শুধু রাজনৈতিক কারণে শিল্পের এই অবস্থা চলতে থাকলে এক এক সব খামার বন্ধ হয়ে যাবে। তখন টাকা দিয়েও ডিম ও মুরগি কেনা সম্ভব হবে না।”
পোল্ট্রি শিল্প রক্ষায় ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের এই মহাসচিব।
