সাড়ে ৮ কোটি ডলারের বৈদেশিক ঋণের অনুমতি
বৈদেশিক উৎস থেকে সাড়ে ৮ কোটি ৫৫ লাখ ডলারের ঋণ নেওয়ার অনুমতি পেয়েছে বেসরকারি খাতের ১২টি প্রতিষ্ঠান।
মঙ্গলবার বেসরকারি খাতে বৈদেশিক ঋণ অনুমোদন সংক্রান্ত বাছাই কমিটির ৮১তম সভায় এই অনুমোদন দেয়া হয়।
কমিটির প্রধান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে এই সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়, বিনিয়োগ বোর্ড, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুমোদনের তথ্য জানানো হয়।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে কালার সিটি লিমিটেড দুই কোটি ১০ লাখ ডলার, রাজ লংকা পাওয়ার কোম্পানি লিমিটেড এককোটি ৪০ লাখ, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এককোটি ৪৭ লাখ ৫০ হাজার ডলার, ফ্যাশন ফোরাম লিমিটেড ৪৫ লাখ ডলার, সাফ্ফা সোয়েটার লিমিটেড ৪০ লাখ ডলার, আমান নিটিং লিমিটেড ৩৩ লাখ ডলার, মাসি হাতা সোয়েটার লিমিটেড ৬৯ লাখ ডলার, নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড ৫১ লাখ ডলার, অওগুর ওয়্যারলেস ব্রডব্যান্ড লিমিটেড এককোটি ডলার এবং গুড রীচ সোয়েটার লিমিটেডের জন্য ১৩ লাখ ডলার ঋণ নিতে পারবে। এছাড়া বাকী অর্থ অন্য দুটির কোম্পানির জন্য অনুমোদন করা হয়েছে।
৩ মাসমেয়াদি লাইবরের (লন্ডন আন্তঃব্যাংক অফার রেট) সঙ্গে ৪ দশমিক ৫০ শতাংশ যোগ করে এসব ঋণের সর্বোচ্চ সুদহার ঠিক করা হবে।
বৈঠকে জানানো হয়, ২০১১-১২ অর্থবছরে এই কমিটি ১০৪ কোটি ডলার এবং ২০১২-১৩ অর্থবছরে ১৮২ কোটি ১০ লাখ ডলার বৈদেশিক ঋণ অনুমোদন করেছে।
এছাড়া বেসরকারি খাতের বেশ কিছু বৈদেশিক ঋণ প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
কমিটি মনে করে, এ ধরণের বৈদেশিক অর্থায়ন মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে সহায়তা করবে। একইসঙ্গে দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্যে ইতিবাচক প্রভাব ফেলবে।
