২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানি নিয়ে ‘তবুও শঙ্কা’

রাজনৈতিক অস্থিরতার মধ্যে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে রপ্তানি আয় বাড়লেও এই ইতিবাচক ধারা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদ ও রপ্তানিকারকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2013, 09:46 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

রোববার রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) মাসে গত বছরের একই সময়ের চেয়ে রপ্তানি আয় বেড়েছে ১৮ দশমিক ০২ শতাংশ।

এ সময়ে তৈরি পোশাক খাতের উভেন পোশাক রপ্তানি বেড়েছে ২১ শতাংশ। আর নিট পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ২০ দশমিক ৪৮ শতাংশ।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশে যে অস্থিরতা চলছে তাতে রপ্তানি আয়ের এই ইতিবাচক ধারা থাকবে বলে মনে হয় না। আর এখন যে প্রবৃদ্ধি হচ্ছে তা আগের নেয়া অর্ডারের। গত কয়েক মাস ধরে অর্ডার কমে গেছে। যার প্রভাব আগামীতে পড়বে।”

৯৬-৯৭ সালের উদাহরণ দিয়ে তিনি বলেন, “ওই সময়ের হরতাল-অবরোধের প্রভাব ছয়-সাত মাস পড়ে দেখা দিয়েছিল। রপ্তানি আয় অনেক কমে গিয়েছিল। এবারও তাই হবে বলে আমার কাছে মনে হচ্ছে।”

“কেননা এখন সব ধরনের উৎপাদন কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর প্রভাব অবশ্যই আমাদের অর্থনীতিতে পড়বে।”

তবে নতুন নতুন বাজারে তৈরি পোশাক রপ্তানি শুরু হওয়ায় সামগ্রিক রপ্তানি বাড়ছে বলে জানিয়েছেন নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “জাপান, রাশিয়া, মালয়শিয়াসহ নতুন নতুন বাজারে তৈরি পোশাক রপ্তানি শুরু হওয়ায় রপ্তানি আয়ে ইতিবাচক প্রভাব পড়েছে।

“এক্ষেত্রে সরকারেরও কৃতিত্ব আছে। সরকার আমেরিকা ও ইউরোপ ছাড়া নতুন বাজারে পোশাক রপ্তানির ক্ষেত্রে ২ শতাংশ প্রণোদনা দিচ্ছে।”

তিনি বলেন, “এ কথা ঠিক যে, রানা প্লাজা ও তাজরীনের ঘটনা আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। ক্রেতাদের  কাছে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদের। এরপরও সব কিছু উপেক্ষা করে ১৮ শতাংশ প্রবৃদ্ধি খুবই ভালো বলে আমি মনে করি।

“তবে বর্তমানে দেশে যে অবস্থা চলছে তাতে এই প্রবৃদ্ধি থাকবে বলে মনে হয় না। আমরা খুবই উদ্বিগ্ন। অর্ডার কমে গেছে। যার প্রভাব রপ্তানি আয়ে পড়বে।”

পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র সহ-সভাপতি রিয়াজ বিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন তৈরি পোশাক রপ্তানিতে যে প্রবৃদ্ধি হচ্ছে তা আগের নেয়া অর্ডারের। জুলাই-অগাস্ট সময়ে যে সব অর্ডার নেয়া হয়েছিল সেগুলোর আয়ই এখন দেশে আসছে।”

ইপিবি’র রপ্তানি আয়ের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর মাসে বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য রপ্তানি করে এক হাজার ১৯৬ কোটি ডলার আয় হয়েছে। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল এক হাজার ১৩ কোটি ৩৬ লাখ ডলার।

এ সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে প্রায় ৩ শতাংশ।

জুলাই-নভেম্বর সময়ে নিট পোশাক রপ্তানি থেকে সবচেয়ে বেশি আয় হয়েছে। এই সময়ে এ খাত থেকে ৪৯০ কোটি ডলার আয় হয়েছে। গত বছরের একই সময়ে এ খাত থেকে আয় হয়েছিল ৪০৬ কোটি ৭০ লাখ ডলার।

উভেন পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৪৭৫ কোটি ৩৫ লাখ ডলার। গত বছরের জুলাই-নভেম্বর সময়ে যার পরিমাণ ছিল ৩৯২ কোটি ৮৪ লাখ ডলার।

নিট পোশাক রপ্তানিতে লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে ১১ শতাংশের বেশি। তবে  উভেনে দশমিক ৮১ শতাংশ কমেছে।

নভেম্বরে প্রবৃদ্ধি সাড়ে ২৫ শতাংশ

ইপিবি’র তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে আয় হয়েছে ২২১ কোটি ২৪ লাখ ডলার। গত বছরের একই মাসে আয় হয়েছিল ১৭৫ কোটি ৫০ লাখ ডলার।

এ হিসাবে চলতি অক্টোবরে গত বছরের চেয়ে রপ্তানি আয় বেড়েছে ২৫ দশমিক ৩৪ শতাংশ।

অন্যান্য খাতের মধ্যে জুলাই-নভেম্বর সময়ে হিমায়িত মাছ রপ্তানি বেড়েছে ৩৬ দশমিক ৭০ শতাংশ। কৃষিজাত পণ্য রপ্তানি বেড়েছে ১৩ দশমিক ৪৩ শতাংশ। কাঁচা চামড়া রপ্তানি বেড়েছে ৪৯ দশমিক ৫৭ শতাংশ। চামড়াজাত পণ্য রপ্তানি বেড়েছে ২৪ শতাংশ। তবে পাট ও পাটজাত পণ্য রপ্তানি কমেছে ১৯ দশমিক ৮০ শতাংশ। ওষুধ রপ্তানি বেড়েছে ৩৪ শতাংশ।

গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে এক হাজারেরও বেশি শ্রমিক মারা যান। আহত হন অনেকে। ভয়াবহ ওই দুর্ঘটনার পর পোশাক কারখানার পরিবেশের মান নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশ থেকে পোশাক না কেনার হুমকি দেয় বিশ্বের শীর্ষস্থানীয় অনেক ক্রেতা প্রতিষ্ঠান।

এর আগে ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ায় তাজরিন কারখানায় ভয়াবহ আগুনে শতাধিক শ্রমিকের মৃত্যুর পরও একই ধরনের কথা উঠেছিল।