২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ৫ বীমা কোম্পানি

বেসরকারি খাতে আরো পাঁচটি প্রতিষ্ঠান বীমা কোম্পানির লাইসেন্স পাওয়ার চূড়ান্ত অনুমোদন পেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2013, 11:11 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

বৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের(আইডিআরএ) সমন্বয় সভায় পাঁচ প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সংস্থাটির সদস্য নব গোপাল বণিক।  

প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়ে অন্যান্য কার‌্যক্রম সেরে নেয়ার পরামর্শ দেয়া হবে বলে জানান তিনি।

এর আগে ১১টি প্রতিষ্ঠানকে বীমার লাইসেন্স দেয়া হয়েছে। এই নিয়ে বর্তমান সরকারের আমলে মোট ১৬টি নতুন বীমা কোম্পানি অনুমোদন পেল। এর মধ্যে ১৪টি জীবন বীমা কোম্পানি আর দুটি সাধারণ বীমা কোম্পানি। 

রাজনৈতিক বিবেচনায় এসব কোম্পানির অনুমোদন দেয়া হয়েছে বলে বিভিন্ন মহলে সমালোচনা রয়েছে।

বর্তমান সরকার বীমা কোম্পানির লাইসেন্স দেয়ার ঘোষণা দিলে মোট ৭৭টি আবেদন আসে। এর মধ্য থেকে ১৬টি লাইসেন্স পেল।

যারা পায়নি, জামানতের পরিশোধিত মূলধনের অর্থ ফেরত নেয়ার জন্য বলা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নতুন অনুমোদন পাওয়া ৫ বীমা কোম্পানির মধ্যে স্বদেশ লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হিসাবে আছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নুরুল আলম চৌধুরী। প্রস্তাবিত এমডি এ কে এম জাহাঙ্গীর চৌধুরী।

যমুনা লাইফের চেয়্যারম্যান হিসাবে আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। প্রস্তাবিত এমডি এ কে এম ইলিয়াস হোসেন।

ছাত্রলীগের সাবেক সভাপতি ইসহাক আলী খান পান্না পেয়েছেন ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স। এর এমডি হিসেবে থাকছেন অজিত আইচ।

ট্রাস্ট ইসলামী লাইফের চেয়ারম্যান অষ্ট্রেলিয়া প্রবাসী আওয়ামী লীগের নেতা জাকের আহমেদ ভূঁইয়া। এর প্রস্তাবিত এমডি ইউসুফ আলী মৃধা।

আর রেনেসাঁ গ্রুপের নাজিমউদ্দিনের নামে দেয়া হয়েছে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স। এর প্রস্তাবিত এমডি হিসেবে আছেন মোহাম্মাদ সাইয়েদ।