রপ্তানি উন্নয়ন তহবিলের আওতা বাড়লো
চামড়া ও চামড়াজাত পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি এবং বাংলাদেশ সিরাসিক ওয়্যার ম্যানুফ্যাকচারার সমিতির সদস্যরা এখন থেকে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে ঋণ নিতে পারবেন।
বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ইডিএফ থেকে ঋণ দেয়ার আওতা বাড়ানোর এই ঘোষণা দেয়া হয়।
এতোদিন তৈরি পোশাক খাতের রপ্তানিকারক এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ গার্মেন্ট এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা এই তহবিল থেকে ঋণ নিতে পারতেন।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার তহবিল থেকে রপ্তানিকারকদের এই ঋণ দেয়া হয়। এই তহবিলের পরিমাণ বর্তমানে ১ বিলিয়ন ডলার।
গত রোববার রপ্তানিমুখী শিল্প মালিকদের দাবির প্রেক্ষিতে এই তহবিলের ঋণের সুদ হারও এক শতাংশ কমিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ইডিএফের ঋণের সুদ হার আগে ছিল লাইবর (লন্ডন ইন্টারব্যাংক অফার রেট, অর্থাৎ শূন্্য দশমিক ৫০ শতাংশ) এর সঙ্গে দুই দশমিক ৫০ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংক এক প্রজ্ঞাপনে আগামী ছয় মাসের জন্য ইডিএফ থেকে নেয়া ঋণের সুদ হার লাইবর এর সঙ্গে এক দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করেছে।
বুধবারের প্রজ্ঞাপনে বলা হয়, ইডিএফ থেকে ঋণ পেতে হলে সংশ্লিস্ট প্রতিষ্ঠানগুলোর রপ্তানি আদেশের পাশাপাশি ওইসব কারখানার পূর্ববর্তী রপ্তানি সক্ষমতাকে গুরুত্ব দেয়া হবে। তবে ঋণের জন্য সংশ্লিষ্ট সমিতির অনুমোদনও থাকতে হবে।
