২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির দিনে খোলা ব্যাংক ও আয়কর কার্যালয়

সংসদ নির্বাচনের প্রার্থীদের সুবিধায় শনিবার খোলা থাকছে দেশের সব ব্যাংক, ছুটির দুই দিনই খোলা থাকবে সব আয়কর কার্যালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 05:48 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

নির্বাচনের প্রক্রিয়া শুরুর পর বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এবং জাতীয় রাজস্ব বোর্ড এই নির্দেশ দিয়েছে। নির্বাচনের তফসিল ইতোমধ্যে ঘোষণা হয়েছে, ২ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে প্রার্থীদের।

কেন্দ্রীয় ব্যাংকের এক আদেশে শনিবার দেশের সব এলাকায় তফসিলি ব্যাংকের সব শাখা খোলার নির্দেশ দেয়া হয়।

মনোনয়নপত্র দাখিলের সময় ব্যাংকের মাধ্যমে নির্বাচন কমিশন বরাবর পে-অর্ডারের মাধ্যমে জামানতের ২০ হাজার টাকা জমা দিতে হয়।

ঋণ খেলাপি প্রার্থীরাও ঋণ পরিশোধ করে খেলাপির তালিকা থেকে নিজের নাম কাটাতে পারেন।  অনেকে নিজেদের বকেয়া করও মনোনয়নপত্র দাখিলের আগে পরিশোধ করে থাকেন।

এসব কাজের সুবিধার জন্য ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Image
ঈদের ছুটির পর প্রথম কর্ম দিবসেই রাজধানীর ব্যাংকগুলোতে ভিড় দেখা যায়। ছবিটি রোববার মতিঝিলের সোনালী ব্যাংক থেকে তোলা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঈদের ছুটির পর প্রথম কর্ম দিবসেই রাজধানীর ব্যাংকগুলোতে ভিড় দেখা যায়। ছবিটি রোববার মতিঝিলের সোনালী ব্যাংক থেকে তোলা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাতীয় রাজস্ব বোর্ডও (এনবিআর) একই কারণে শুক্র ও শনিবার মাঠ পর্যায়ের সব আয়কর কার্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে।

নির্বাচন কমিশনের অনুরোধে এই সিদ্ধান্ত হয়েছে বলে বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের আয়কর সংক্রান্ত তথ্য দেয়ার জন্য দেশের মাঠ পর্যায়ের সব অফিস সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার খোলা থাকবে।”

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীদের আয়কর সংক্রান্ত তথ্য জমা দিতে হয়।

এদিকে ব্যক্তি শ্রেণির কর দাতাদের আয়কর বিবরণী (রিটার্ন) জমার সময় আরো এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

অবরোধ ও হরতালের কারণে অনেকে সমস্যায় পড়ায় এফবিসিসিআইসহ বিভিন্ন সংগঠনের অনুরোধে সময় বাড়ানো হচ্ছে বলে এনবিআরের আয়কর নীতি বিভাগের সদস্য সৈয়দ আমিনুল করিম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা (এনবিআর) আরো এক মাস সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা দেয়া হবে।”