২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক এমডিদের ইচ্ছেমাফিক বেতন নয়

অভিজ্ঞতার শর্ত সামান্য শিথিল করা হলেও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পদে নিয়োগ ও বেতন-ভাতার নিয়মে কড়াকড়ি বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শেখ আবদুল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2013, 06:55 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

এতোদিন শর্ত ছিল, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেতে হলে ব্যাংকিং পেশায় অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে কমপক্ষে ৩ বছর কাজ করতে হবে ডিএমডি হিসাবে।

ডিএমডি পদে কাজের অভিজ্ঞতার এ শর্ত ৩ বছর থেকে কমিয়ে ২ বছর করে রোববার নতুন আদেশ জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

অর্থাৎ, এখন থেকে ১৫ বছরের ব্যাংকিং অভিজ্ঞতার পাশাপাশি ডিএমডি পদে ২ বছরের অভিজ্ঞতাধারী ব্যক্তিরা এমডি পদে নিয়োগের যোগ্য বিবেচিত হবেন।

তবে এই আদেশের মধ্য দিয়ে ব্যাংক এমডিদের ‘ইচ্ছেমাফিক’ বেতন-ভাতা নেয়ার পথ করা বন্ধ করা হয়েছে। অবসর নেয়ার পরপরই আর ব্যাংকের উপদেষ্টা হয়ে বসতে পারবেন না কোনো এমডি।

কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা এই সার্কুলার দেশের সব ব্যাংকের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

এই বিভাগের মহা ব্যবস্থাপক আবদুল ওয়াদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাংকিং খাতের পরিচালনা ও ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করতে ব্যাংক কোম্পানি আইনে কিছু সংশোধন আনা হয়েছে। তারই আলোকে এই সার্কুলার।”

ব্যাংকের আর্থিক ভিত্তি দৃঢ় করতে এবং আমানতকারীদের আস্থা অর্জনের নতুন এই উদ্যোগ সহায়তা করবে বলেই তার বিশ্বাস।

নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে কোনো ব্যাংকে এমডি নিয়োগ দিয়ে তার ইচ্ছেমাফিক বেতন দেয়া যাবে না। সমপর্যায়ের অন্যান্য ব্যাংকের এমডিদের বেতনের সঙ্গে ‘সামঞ্জস্য’ রেখে তার বেতন নির্ধারণ করতে হবে।

“প্রধান নির্বাহীর বেতন-ভাতা নিরুপণে ব্যাংকের আর্থিক অবস্থা, কর্মকাণ্ডের ব্যপকতা, ব্যবসার পরিমাণ, উপার্জন ক্ষমতা, সংশ্লিষ্ট ব্যক্তির যোগ্যতা, অতীত কর্ম সফলতা, বয়স ও অভিজ্ঞতা এবং সমপর্যায়ের অন্যান্য অনুরূপ পদে নিযুক্ত ব্যক্তিবর্গকে প্রদত্ত বেতন-ভাতাদি বিবেচনায় আনতে হবে।”

আর উৎসাহ বোনাস বছরে ১০ লাখ টাকার বেশি হবে না।

কড়াকড়ি আনা হয়েছে প্রধান নির্বাহীর বেতন বাড়ানোর শর্তেও। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংকের মুখ্য আর্থিক সূচক (ক্যামেলস রেটিং) এর উন্নতি না হলে সিইও  বার্ষিক বেতন বৃদ্ধির যোগ্য হবেন না।

এতোদিন প্রধান নির্বাহী পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার স্পষ্ট কোনো মানদণ্ড ছিল না। নতুন সার্কুলারে বলা হয়েছে, এ পদে নিয়োগ পেতে হলে প্রাথীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতোকোত্তর ডিগ্রীধারী হতে হবে।

প্রধান নির্বাহী পদে ঋণ বা কর খেলাপীদের নিয়োগ দেয়ার পথ যে বন্ধ- সে বিষয়টিও আবার মনে করিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।  

সার্কুলারে বলা হয়েছে, প্রধান নির্বাহী পদে নিয়োগের মেয়াদ হবে কমপক্ষে তিন বছর। তবে পরে তার মেয়াদ বাড়ানো যাবে।

প্রার্থীর বয়স ৬৫ বছর হতে ৩ বছর বাকি থাকলে ওই সময়ের জন্যও তাকে প্রধান নির্বাহী পদে নিয়োগ দেয়া যাবে। এমডিদের বয়সের সর্বোচ্চ সীমা ৬৫ বছরই থাকবে।

‘ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন ২০১৩’ অনুযায়ী ব্যাংকের প্রধান নির্বাহীর দায়-দায়িত্ব ও ক্ষমতাও সুনির্দিষ্ট করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারের সঙ্গে প্রধান নির্বাহী পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর ঘোষণাপত্রেরও একটি ফরমও সরবরহ করা হয়েছে।

এছাড়া ব্যাংকের উপদেষ্টা ও পরামর্শক নিয়োগের বিষয়েও আলাদা একটি সার্কুলার জারি করা হয়েছে, যাতে এসব পদে নিয়োগের বিধি-বিধান ও তাদের দায়-দায়িত্ব সুনির্দিষ্ট করা হয়েছে।

বলা হয়েছে, কোনো ব্যাংকের এমডি অবসর নেয়ার পরপরই ওই ব্যাংকের উপদেষ্টা হতে পারবেন না। আর একজন পরামর্শক নিয়োগ পাবেন সুনির্দিষ্ট কাজ ও সময়ের জন্য।

বাংলাদেশ ব্যাংক বলছে, একজন পরামর্শককে সর্বোচ্চ এক বছরের জন্য নিয়োগ দেয়া যাবে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে এই মেয়াদ বাড়ানো যাবে।

আর উপদেষ্টা বা পরামর্শক পদে নিয়োগ পেতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ‘ব্যাংকিং বা প্রশাসন অথবা সামাজিক কর্মকাণ্ডে’ কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।