২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নের স্বার্থে ‘গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তর’ চায় বিশ্ব ব্যাংক

অর্থনৈতিক উন্নয়নের  স্বার্থেই বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর চায় বিশ্ব ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 03:31 PM

Updated : 13 Oct 2022, 03:01 PM

পুরনো খবর:

অর্থনীতিকে রাজনীতির বিরোধমুক্ত রাখার আহ্বান সিপিডির

বাংলাদেশের উন্নয়ন নিয়ে হালনাগাদ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে বুধবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ব ব্যাংকের আবাসিক পরিচালক (কান্ট্রি ডিরেক্টর) জোহানেস জাট এ কথা জানান।

বাংলাদেশের অর্থনীতিতে রাজনৈতিক দলগুলোর চলমান বিরোধের প্রভাব নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিশ্ব ব্যাংক কর্মকর্তা বলেন, “আমরা মনে করি, অর্থনৈতিক উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। এজন্য ক্ষমতার পালাবদল হতে হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়ায়।”

তার ভাষায়, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের অর্থ হচ্ছে নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা থাকবে।

জোহানেস জাট বলেন, বাংলাদেশের নির্বাচনের আগে যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে তা বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের ক্ষেত্রেও দেখা যায়।

“মূল বিষয় হচ্ছে ক্ষমতার পালাবদলের প্রক্রিয়া। পালাবদল স্বাভাবিক ও গ্রহণযোগ্য হলে এখন যে বিনিয়োগে খরা চলছে, বা শিল্প খাতে সম্প্রসারণ তুলনামূলকভাবে কম হচ্ছে- তা আর থাকবে না।”

রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব ব্যাংক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরেন সংস্থার অর্থনীতিবিদ জাহিদ হোসেন।

তিনি বলেন, “চলতি অর্থবছরে সরকারের বাজেটের লক্ষ্য অনুযায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে না। বিশ্ব ব্যাংক মনে করছে, প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৭ শতাংশ। শিল্প ও সেবা খাতে প্রবৃদ্ধি কম হওয়ায় সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হবে।”

সরকারের মেয়াদের শেষ অর্থবছরের বাজেটে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের আশা প্রকাশ করা হয়েছে।

জাহিদ হোসেন বলেন, রাজনৈতিক সমস্যার শান্তিপূর্ণ সমাধান হলেও প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশের বেশি হবে বলে তিনি মনে করেন না।

“গত চারটি জাতীয় নির্বাচন বিশ্লেষণ করে দেখা গেছে, নির্বাচনের বছর অর্থনীতির অনেক খাতই স্বাভাবিক গতি ধরে রাখতে পারে না।”

এই অর্থনীতিবিদ বলেন, সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক পরিস্থিতি এখন ‘ভালো’। রপ্তানি ও রেমিটেন্স বেড়েছে। যার ফলে বৈদেশিক মুদ্রার মজুদ রেকর্ড গড়েছে। মূল্যস্ফীতিও কমে আসছে।

“এখন মূল্যস্ফীতি বাড়লে অভ্যন্তরীণ কারণে বাড়বে। নির্বাচনের কারণে রাজস্ব নীতি বাস্তবায়নের সমস্যা হতে পারে, আর সুশাসন ও জনশক্তি রপ্তানিও ব্যাহত হতে পারে। এসবের প্রভাব পড়বে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে।”

২০১১-১২ অর্থবছরে গড় মূল্যষ্ফীতি যেখানে ৮ দশমিক ৭ শতাংশ ছিল, ২০১২-১৩ অর্থবছরে তা কমে ৬ দশমিক ৮ শতাংশ হয়।

আন্তর্জাতিক বাজারে ভোগ্যপণ্যের দাম কমার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতির খাদ্য বহির্ভূত মূল্যষ্ফীতি কমাতে সাহায্য করেছে বলে বিশ্ব ব্যাংক মনে করছে।

জাহিদ হোসেনের মতে, বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তৈরি পোশাক শিল্পে এতদিনের সাফল্য ধরে রাখা।

তিনি বলেন, “ইতোমধ্যে ক্রেতাদের আস্থায় ঘাটতি দেখা দিয়েছে। তৈরি পোশাক খাতের এই সমস্যার জন্য কে দায়ী, কে দায়ী নয়- এসব বলার সময় এখন নেই। এ খাতের ভাবমূর্তি উন্নয়নে কিছু করতে হবে।”

ইউরোপ ও আমেরিকার ক্রেতাদের সংগঠন অ্যাকর্ড ও অ্যাল্যায়েন্স বাংলাদেশের পোশাক কারখানা পরিদর্শন ও কর্মপরিবেশের উন্নয়নে সহযোগিতার যে উদ্যোগ নিয়েছে তা ‘ভালো’ বলেই মনে করেন জাহিদ হোসেন। তবে এ উদ্যোগ বাস্তবায়নে ‘সমন্বয়ের’ বিষয়টিতে গুরুত্ব দেন তিনি।

“এই সমন্বয় যদি না হয়, তাহলে আরও বড় ধরনের সংকটে পড়বে পোশাক খাত।”

 পোশাক খাত ছাড়াও বিনিয়োগ কমে যাওয়ার বিষয়টি বাংলাদেলের অর্থনীতির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছে বিশ্ব ব্যাংক। 

প্রতিবেদনে বলা হয়, বেসরকারি খাতে প্রকৃত বিনিয়োগ এ অর্থবছরে ১ দশমিক ২ শতাংশ কমে গেছে। রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা, তৈরি পোশাক খাতে ‘কমপ্লায়েন্সে ব্যর্থতা’ ও শ্রম অসন্তোষ, ব্যাংক খাতে কেলেঙ্কারি- ইত্যাদি কারণে উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহ হারিয়েছেন।

অবকাঠামো ও জ্বালানি খাতের দুর্বলতা, দুর্নীতি, মূলধনের অভাব ও আমলাতন্ত্রের ‘অদক্ষতা’ এখনও বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ‘বড় সমস্যা’ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১১ দশমিক ২০ শতাংশ হারে, যা ২০১১-১২ সালে ছিল ৫ দশমিক ৯০ শতাংশ।

এই সময়ে রেমিটেন্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৬০ শতাংশ, যা আগের বছর ১০ দশমিক ২০ শতাংশ ছিল।