উদ্বেগের মধ্যেও বাড়ছে রপ্তানি আয়
রানা প্লাজার ঘটনা নিয়ে দেশে-বিদেশে ব্যাপক বিতর্কের মধ্যে চলতি অর্থবছরের প্রথম তিনমাসে আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় বেড়েছে ২১ শতাংশেরও বেশি।
বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি প্রকাশিত তথ্য থেকে জানা যায়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) গত বছরের একই সময়ের চেয়ে রপ্তানি আয় বেড়েছে ২১ দশমিক ২৪ শতাংশ। সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে প্রবৃদ্ধি হয়েছে ৩৬ দশমিক ২৬ শতাংশ।
এ সময়ে তৈরি পোশাক খাতের উভেন পোশাক রপ্তানি বেড়েছে ২৪ শতাংশ। আর নিট পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ২৪ শতাংশ।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যতো বাধা বিপত্তিই আসুক না কেনো আমাদের রপ্তানি আয় কমবে না। কেননা, আমরা যে কম দামে পোশাক রপ্তানি করি পৃথিবীর অন্য কোন দেশ সে দামে বিক্রি করতে পারবে না।
“সে কারণে ক্রেতারা বাধ্য হয়েই আমাদের পোশাক কিনবে।
“তবে এতে আত্মতুষ্টিতে না ভুগে আমাদের কারখানাগুলোর মান উন্নয়ন করতে হবে। ভবন ধসে, আগুনে পুড়ে একজন শ্রমিকও যাতে মারা না যায়- সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তাহলে আমাদের রপ্তানি আরও বাড়বে।”
তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন তৈরি পোশাক রপ্তানিতে যে প্রবৃদ্ধি হচ্ছে তা আগের নেয়া অর্ডারের। রানা প্লাজা ট্রাজেডির আগে যে সব অর্ডার নেয়া হয়েছিল সেগুলোর আয়ই এখন দেশে আসছে।
“সাম্প্রতিক সময়ে অর্ডার সত্যিই কমে গেছে। যার ফল আমরা কয়েক মাস পর দেখতে পাবো।”
আতিকুল ইসলাম বলেন, “রপ্তানি আয় বাড়লেও আমাদের প্রকৃত আয় কমে গেছে। আগে সব খরচ বাদ দিয়ে আমাদের যে লাভ থাকতো। এখন তার চেয়ে অনেক কম লাভ থাকছে।”
রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি বুধবার রপ্তানি আয়ের যে তথ্য প্রকাশ করেছে তা পর্যালোচনা করে দেখা যায়, চলতি ২০১৩-১৪ অর্থবছরে প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশ বিভিন্ন পণ্য রপ্তানি করে ৭৬২ কোটি ৮০ লাখ ডলার ডলার আয় করেছে।
গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৬২৯ কোটি ১৪ লাখ ডলার।
এ সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে প্রায় ৫ শতাংশ।
জুলাই-সেপ্টেম্বর সময়ে নিট পোশাক রপ্তানি থেকে সবচেয়ে বেশি আয় হয়েছে। এই সময়ে এ খাত থেকে ৩১৬ কোটি ডলারের বেশি আয় হয়েছে।
গত বছরের একই সময়ে এ খাত থেকে আয় হয়েছিল ২৫৪ কোটি ডলার।
উভেন পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩০৪ কোটি ৩৭ লাখ ডলার।
গত বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে যার পরিমাণ ছিল ২৫৪ কোটি ডলার।
নিট পোশাক রপ্তানিতে লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে ১৪ দশমিক ৩৭ শতাংশ। উভেনে বেড়েছে ১ দশমিক ৪৩ শতাংশ।
সেপ্টেম্বর মাসে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ২০৪ কোটি ডলার। আয় হয়েছে ২৫৯ কোটি ডলার।
গত বছরের সেপ্টেম্বর মাসে আয় হয়েছিল ১৯০ কোটি ডলার।
এ হিসাবে সেপ্টেম্বর মাসে গত বছরের সেপ্টেম্বর মাসের চেয়ে রপ্তানি আয় বেড়েছে ৩৬ দশমিক ২৬ শতাংশ। আর লক্ষ্যমাত্রার চেয়ে বেড়েছে ২৭ শতাংশ।
অন্যন্য খাতের মধ্যে জুলাই-সেপ্টেম্বর সময়ে হিমায়িত মাছ রপ্তানি বেড়েছে ৪৭ দশমিক ৬৬ শতাংশ। কৃষিজাত পণ্য রপ্তানি বেড়েছে ১০ শতাংশ।
কাঁচা চামড়া রপ্তানি বেড়েছে ৫৪ শতাংশ। চামড়াজাত পণ্য রপ্তানি বেড়েছে ৭ দশমিক ৩ শতাংশ।
তবে পাট ও পাটজাত পণ্য রপ্তানি কমেছে ১৮ দশমিক ১৮ শতাংশ।
ওষুধ রপ্তানি বেড়েছে ৫৪ শতাংশ।
গত ২৪ এপ্রিল সাভারের প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিক মারা যায়। আহত হয় অনেকে।
ভয়াবহ ওই দুর্ঘটনার পর পোশাক কারখানার পরিবেশের মান নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশ থেকে পোশাক কিনবে না বলে হুমকি দেয় বিশ্বের শীর্ষ স্থানীয় অনেক ক্রেতা প্রতিষ্ঠান।
এর আগে ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ায় তাজরিন কারখানায় ভয়াবহ আগুনে শতাধিক শ্রমিকের মৃত্যুর পরও একই ধরনের কথা উঠেছিল।
মঙ্গলবার রাতেও গাজীপুরের একটি পোশাক কারাখানায় আগুনে কয়েকজন শ্রমিক মারা গেছে।
ফরাসউদ্দিন বলেন, “আমাদের পোশাক শিল্প মালিকরা সব সময় বলে রপ্তানি আয় কমে যাবে; কমে যাবে। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে কখনই কমেনি। বরং প্রতি বছরই বাড়ছে।
“আমি বরাবরই একটা কথা বলে আসছি। বিদেশি ক্রেতারা দয়া দেখিয়ে আমাদের পণ্য কেনে না। তাদের বেশি লাভ হয় বলেই আমাদের পোশাক কেনে। সস্তা মজুরির কারণে আমরা যে দামে পোশাক রপ্তানি করি পৃথিবীর কোন দেশ তা পারবে না।”
