২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠিকাদারদের চাপে মডেল পিএসসি শিথিল

গভীর সমুদ্রের ব্লকগুলোতে তেল-গ্যাস অনুসন্ধানের দরপত্র না পেয়ে ঠিকাদারদের চাপে উৎপাদন-বণ্টন চুক্তি (মডেল পিএসসি ২০১২) সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 09:38 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

সংশোধিত পিএসসিতে তৃতীয় পক্ষের কাছে তেল-গ্যাস বিক্রির সুযোগ যেমন বাড়ানো হয়েছে, তেমনি বাড়ানো হয়েছে উত্তোলনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে গ্যাস বা তেল কেনার দাম। 

একইসঙ্গে তেল-গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠানকে করপোরেট কর এবং তেল-গ্যাস সরবরাহের ফি (ট্র্যান্সপোর্টেশন ট্যারিফ চার্জ) থেকেও অব্যাহতি দেয়া হয়েছে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির সভায় এসব শর্ত পরিবর্তনের অনুমোদন দেওয়ার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বিস্তারিত জানান।

মুহিত বলেন, “নিলামে অংশ নিতে ইচ্ছুকরা জানিয়েছেন, পিএসসির শর্তগুলো সহজ নয়। গভীর সমুদ্রে অনুসন্ধান কাজ ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। পেট্রোবাংলা তাদের বলেছেন, বিষয়টি আমরা দেখব।”

ওই বিষয়গুলো বিবেচনায় নিয়েই ‘মডেল পিএসসি ২০১২’ এর শর্ত পরিবর্তন করা হয়েছে বলে অর্থমন্ত্রী জানান। 

গত বছরের সেপ্টেম্বরে উৎপাদন বণ্টন চুক্তি (পিএসপি) ২০১২ প্রণয়নের পর ভারতের সঙ্গে বিরোধপূর্ণ ব্লকগুলো বাদ রেখে  ডিসেম্বরে গভীর ও অগভীর সমুদ্রের ১২টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য দরপত্র ডাকে পেট্রোবাংলা।

এর মধ্যে অগভীর সমুদ্রের এসএস-০২ থেকে এসএস-০৪ ও এসএস-০৬ থেকে এসএস-১১ ব্লকের জন্য দুই দফার দরপত্র ডাকা হয়। তারপরও চারটি ব্লকের জন্য তিনটি কোম্পানি দরপ্রস্তাব জমা দেয়।

কিন্তু গভীর সমুদ্রের ডিএস-১২, ডিএস-১৬ ও ডিএস-২১ ব্লকের জন্য তেল-গ্যাস অনুসন্ধানকারী কোনো আন্তর্জাতিক কোম্পানির প্রস্তাব না পেয়ে গত ফেব্রুয়ারিতে টেন্ডার প্রক্রিয়া স্থগিত করে পেট্রোবাংলা। ঠিকাদারদের দাবি অনুযায়ী শর্ত শিথিলের জন্য পিএসসি সংশোধনের উদ্যোগ নেয়া হয়।

মুহিত বলেন, “পিএসসিতে ছিল তেল-গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান প্রতি হাজার ঘণফুট গ্যাস বিক্রি করবে সাড়ে ৫ ডলারে। এটা বাড়িয়ে সাড়ে ৬ ডলার করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। একইভাবে প্রতিবছর ২ শতাংশ হারে মূল্য বাড়ানোর প্রস্তাবও অনুমোদন পেয়েছে।”

মডেল পিএসসি ২০১২ এ বলা হয়, অনুসন্ধানের পর তেল গ্যাস পাওয়া গেলে চুক্তি অনুযায়ী তা পেট্রোবাংলা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে ভাগ হবে। সংশ্লিষ্ট ঠিকাদার নিজেদের ভাগের গ্যাস বিক্রি করতে চাইলে প্রথমে পেট্রোবাংলাকে কেনার প্রস্তাব দিতে হবে। পেট্রোবাংলা না কিনতে পারলে তা দেশের বাজারে তৃতীয় কোনো কোম্পানির কাছে বিক্রি করা যাবে।

এ শর্তের পরিবর্তন করা হয়েছে জানিয়ে মুহিত বলেন, “এখন পেট্রোবাংলাকে প্রস্তাব না দিয়েই উত্তোলনকারী প্রতিষ্ঠান নিজেদের ভাগের ৫০ শতাংশ পর্যন্ত অভ্যন্তরীন বাজারের তৃতীয় পক্ষের কাছে বিক্রি করতে পারবে।”

মন্ত্রী জানান, পিএসসি সংশোধন করে তেল-গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠানকে করপোরেট কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তেল-গ্যাস সরবরাহের জন্য তাদের নির্ধারিত ফিও (ট্র্যান্সপোর্টেশন ট্যারিফ চার্জ) দিতে হবে না।

শাহাজালালে রাডার স্থাপন পিপিপিতে

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নত প্রযুক্তির রাডার বসানো হবে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে।

মঙ্গলাবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাবও অনুমোদন করা হয়।

সভাশেষে অর্থমন্ত্রী বলেন, “শাহজালালে রাডারের যে অবস্থা তাতে ২০১৫ সালের পর আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থা আর এখানে প্লেন ট্লেন আসতে দেবে না।”

বর্তমানে এ বিমানবন্দরে দুটি রাডার আছে, যার একটি ১৯৮৫ সালের, অন্যটি ১৯৯৫ সালে বসানো।

মুহিত বলেন, “বিমানবন্দরকে প্রথম শ্রেণিতে আনতে হলে নতুন সিস্টেমের রাডার লাগবে।”

এ জন্য ২৫০ থেকে ৩০০ কোটি টাকা খরচ হবে জানিয়ে মন্ত্রী বলেন, রাডার স্থাপনের পাশাপাশি ১০ বছরের রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদারও নিয়োগ করতে হবে।

“একটি প্রতিষ্ঠান পিপিপিতে এ কাজ করতে আগ্রহী। আমরা পিপিপি করার অনুমোদন আজ দিলাম। দরপত্র আহ্বানের মাধ্যমে পরবর্তীতে কাজ দেয়া হবে। তবে প্রথমে যে কোম্পানি আগ্রহ দেখিয়েছে তাদের জন্য কিছু বাড়তি সুবিধা থাকবে।”

এছাড়া কক্সবাজারের একটি উন্নতমানের পযটন কমপ্লেক্স নির্মাণের কাজও পিপিপিতে হবে।

কক্সবাজারে পর্যটন কর্পোরেশনের হোটেল শৈবালকে ঘিরে এই পর্যটন কমপ্লেক্স গড়ে তোলার প্রস্তাব অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

মুহিত বলেন, একটি কোম্পানি পিপিপির মাধ্যমে শৈবালকে ঘিরে পর্যটন কমপ্লেক্স করার প্রস্তাব দিয়েছে।

তারা একটি পাঁচতারা হোটেল ও একটি গলফ ক্লাব নির্মাণের পাশাপাশি ওয়াটার স্পোর্টসসহ বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা রাখার প্রস্তাব দিয়েছে।

পুরনো খবর:

সাগরের দুটি ব্লক পাচ্ছে ভারতের ওএনজিসি