২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ অগাস্ট শিল্প এলাকার ব্যাংক খোলা

শবে কদরে সরকারি ছুটির দিন ৬ অগাস্ট ঢাকা, চট্টগ্রামসহ শিল্প এলাকায় সব ব্যাংক শাখা খোলা থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2013, 06:45 PM

Updated : 23 Aug 2022, 06:38 PM

পোশাক খাতের শ্রমিকদের বেতন-ভাতা দেয়ার সুবিধার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।

এতে বলা হয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বিজিএমইএর অনুরোধে আগামী ৬ অগাস্ট মঙ্গলবার ঢাকা মহানগরী, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, খুলনা ও চট্টগ্রামের শিল্পঘন এলাকায় কার্যরত সব তফসিলি ব্যাংকের পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো বিশেষ ব্যবস্থায় খোলা রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে।

যেসব শাখা ওইদিন খোলা রাখা হবে সেগুলোর প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আরেক সার্কুলারে ঈদুল ফিতর উপলক্ষে বাজারে পিঁয়াজের সরবরাহ নিশ্চিত করতে আগামী শুক্র ও শনিবার স্থল বন্দরগুলোতে কার‌্যরত তফসিলি ব্যাংকের অথোরাইজড ডিলার (এডি) শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ সম্পর্কিত সার্কুলারে বলা হয়, চলমান রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাজারে পিঁয়াজের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার স্বার্থে ভারত থেকে পিঁয়াজ আমদানি নিরবচ্ছিন্ন রাখার জন্য ঈদের ছুটির আগের সব সাপ্তাহিক ছুটির দিনে (শুক্র ও শনিবার) স্থল বন্দরগুলোতে কার্যরত তফসিলি ব্যাংকগুলোর সব এডি শাখা খোলা থাকবে।