৬ কোটি ডলারের বিদেশি ঋণ অনুমোদন
বিদেশি উৎস থেকে ছয় কোটি ডলারের ঋণ নেয়ার অনুমোদন পেয়েছে বেসরকারি খাতের সাতটি প্রতিষ্ঠান।
এরমধ্যে ওষুধ খাতের দুই প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ ও রেনেটা লিমিটেডের জন্যই চার কোটি ২০ লাখ ডলার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে বিদেশি ঋণ অনুমোদন সংক্রান্ত বাছাই কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত প্রতিষ্ঠানের জন্য ছয় কোটি ডলারের মধ্যে একমি ল্যাবরেটরিজকে তিন কোটি ২০ লাখ ডলার ও রেনেটা লিমিটেডকে এক কোটি ডলারের বিদেশি ঋণ নেয়ার অনুমোদন দেয়া হয়েছে।
লাইবর রেটের (লন্ডন আন্তঃব্যাংক অফার রেট) সঙ্গে সর্বোচ্চ সাড়ে চার শতাংশ যোগ করে এঋণের জন্য সুদ দিতে হবে প্রতিষ্ঠানগুলোকে।
২০১২ সালে সব মিলে ১৪৯ কোটি ডলারের বিদেশি ঋণ অনুমোদন দেয়া হয়েছিলো। ২০১১ সালে অনুমোদন দেয়া হয়েছিলো ৮১ কোটি ৯০ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত সোমবারের বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও বিনিয়োগ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
