কেন্দ্রীয় ব্যাংকের কাছে ৭ হাজার অভিযোগ
ব্যাংকের গ্রাহকদের সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ ব্যাংকে খোলা কাস্টমার সার্ভিসেস ডিভিশনে (সিএসডি) এ পর্যন্ত ৬ হাজার ৯৫৩টি অভিযোগ এসেছে।
সর্বশেষ জুন মাসে ব্যাংকগুলোর ৪২৭ জন গ্রাহক বিভিন্ন হয়রানির শিকার হয়ে বাংলাদেশ ব্যাংকে অভিযোগ করেন বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অভিযোগগুলোর মধ্যে মেয়াদোত্তীর্ণ স্বীকৃত আমদানি বিল পরিশোধ না করা সংক্রান্ত অভিযোগের সংখ্যা সবচেয়ে বেশি। জুন মাসে এ ধরনের ২০১টি অভিযোগ এসেছে।
এছাড়া জুনে সাধারণ ব্যাংকিং সংক্রান্ত অভিযোগের সংখ্যা ১২২টি, ঋণ ও অগ্রিম সংক্রান্ত ৩৫টি, কার্ড সংক্রান্ত ১৫টি ও অন্যান্য ৫৪টি।
জুন মাসে সোনালী ব্যাংকের বিরুদ্ধে সবচেয়ে বেশি ৬৯টি অভিযোগ এসেছে। এরপরেই রয়েছে কৃষি ব্যাংক, তাদের বিরুদ্ধে ৩৬টি অভিযোগ এসেছে।
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া গেছে ব্র্যাক ব্যাংকের বিরুদ্ধে। জুন মাসে এই ব্যাংকটির বিরুদ্ধে ৩২টি অভিযোগ এসেছে।
ব্যাংকিং খাতে গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টি বজায় রাখার পাশাপাশি ব্যাংকিং সেবা পেতে গ্রাহকদের হয়রানি লাঘবের উদ্দেশ্যে ২০১১ সালের মার্চ মাসে ‘হেল্পডেস্ক’ চালু করা হয়, যা বিভিন্ন নামে পরিবর্তিত হয়ে বর্তমানে সিএসডি নামে কাজ করছে।
ই-মেইল, ফ্যাক্স, ওয়েবসাইট ও ডাকযোগে এবং টেলিফোনে এসব অভিযোগ এসেছে কেন্দ্রীয় ব্যাংকের কাছে।
জুন মাসের অভিযোগগুলোর মধ্যে ৩০৩টি অভিযোগ নিস্পন্ন হয়েছে। বাকি ১২৪টি অভিযোগ নিষ্পত্তি করার বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সিএসডি যোগাযোগ অব্যাহত রেখেছে।
মোট অভিযোগের মধ্যে ৫ হাজার ২৯৫টি অভিযোগ নিষ্পত্তি করেছে বাংলাদেশ ব্যাংক। আর ১ হাজার ৬৫৮টি অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়ায় রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
