২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬৬৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে দেশে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2013, 04:41 PM

Updated : 23 Aug 2022, 11:09 AM

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত ৮টায় ৬ হাজার ৬৪০ মেগাওয়াট বিদ্যুৎ উদপাদন হয়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ।

এদিন সারা দেশে ১৩০ মেগাওয়াটের মতো লোড শেডিং হয়েছে বলে সাইফুল হাসান জানান। 

এর আগে গত ৪ জুলাই সর্বোচ্চ ৬ হাজার ৫৭৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল দেশে।

পিডিবির হিসাবে দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর মোট উৎপাদন ক্ষমতা ৮ হাজার ৫৩৭ মেগাওয়াট হলেও মেরামত ও জ্বালানি স্বল্পতার কারণে প্রায়ই দুই হাজার মেগাওয়াটের মতো কম উৎপাদন হয়।

২০০৮ সালের জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ প্রতিশ্রুতি দিয়েছিল, ২০১৩ সালে দেশের বিদ্যুৎ উৎপাদন সাত হাজার মেগাওয়াটে দাঁড়াবে।

পিডিবির হিসাবে বর্তমান সরকারের সময় প্রায় ৩ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন জাতীয় গ্রিডে যোগ হয়েছে। তবে চাহিদা ও জোগানের মধ্যে পার্থক্য রয়েই গেছে। ২০১৬ সাল নাগাদ চাহিদা ও জোগানে সামঞ্জস্য আসতে পারে বলে এর আগে আশা প্রকাশ করেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

২০০৯ সালের ৬ই জানুয়ারি শপথ নেওয়ার পর বর্তমান সরকার বিদ্যুৎ খাতের উন্নয়নে নানামুখী পরিকল্পনা এবং কর্মকাণ্ড শুরু করে। এরপর শুরু হয় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি। চলতি বছরের মে মাস পযন্ত ৬৬টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি হয়েছে, যেগুলোর উৎপাদন ক্ষমতা ৮ হাজার ৭৪৯ মেগাওয়াট।

বর্তমান সরকারের সময় ৫৫টি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে গেছে, যেগুলোর মোট উৎপাদন ক্ষমতা ৩ হাজার ৮৭০ মেগাওয়াট।