আগামী অর্থবছরে আয়কর হবে রাজস্বের প্রধান উৎস: অর্থমন্ত্রী
আগামী অর্থবছরে আয়কর সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস হবে বলে আশাপ্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
২০১৪-১৫ অর্থবছরে দেশের মোট জনসংখ্যার এক শতাংশ আয়কর দেবেন বলেও ধারণা করছেন তিনি।
সোমবার রাজধানীতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রেজিস্ট্রেশন পদ্ধতির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, “চলতি (২০১৩-১৪) অর্থবছরে আয়কর হবে রাজস্ব আয়ের দ্বিতীয় উৎস। আগামী ২০১৪-১৫ অর্থবছরে এটা হবে প্রথম উৎস। যদিও খুব বেশি লোক আয়কর দেয় না। অনেকে নানা কারণে টিআইএন (করদাতা সনাক্তকরণ নম্বর) নিলেও তা আর কার্যকর থাকে না।”
মুহিত জানান, ৩৩ লাখ টিআইএনের মধ্যে এখন ১৭ লাখ কার্যকর রয়েছে, যার মধ্যে সাড়ে ১১ লাখ টিআইএন-ধারী কর দেয়।
রাজস্ব আয়ের চলতি অর্থবছরের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা একলাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকার করার মধ্যে আয়কর খাত থেকে ধরা হয়েছে ৪৮ হাজার ২৯৭ কোটি টাকা, যা মোট রাজস্ব আয়ের ৩৬ শতাংশ।
এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে রূপসী বাংলা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তথ্যমন্ত্রী বলেন, দেশে কমপক্ষে ৩০ হাজার লোক আছে যারা বছরে এককোটি টাকা আয়কর দেওয়ার যোগ্য। এদের খুঁজে বের করে কর আদায়ের উদ্যোগ নিতে হবে।
গোলাম হোসেন বলেন, ৩২ লাখ টিআইএনধারীর মধ্যে মাত্র ১৩ লাখ লোকের আয়কর দেয়ার কারণ অনুসন্ধানে দেখা গেছে- অনেকগুলো নম্বর উদ্দেশ্যমূলকভাবে নেয়া আবার কিছু ভূয়া নম্বরও আছে।
তিনি বলেন, “রাজস্ব আয়ের ২১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন কঠিন কিছু নয়। কারণ রাজস্ব বোর্ডের সক্ষমতা অনেক বেড়েছে। আমরা এই চ্যালেঞ্জটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি, বলছি আমরা পারবো।”
এছাড়াও সংসদ সদস্য শাহ জিকরুল আহমেদ ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ই-টিআইএন রেজিস্ট্রেশন পদ্ধতি
করদাতা হিসেবে নিবন্ধনের প্রক্রিয়া দ্রুত ও সহজ করতে ১ জুলাই থেকে ই-টিআইএন রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করেছে এনবিআর। বর্তমান টিআইএনধারীদেরও নতুন পদ্ধতিতে ৩১ ডিসেম্বরের মধ্যে আবার রেজিস্ট্রেশন করতে হবে।
করদাতারা www.incometax.gov.bd ওয়েবসাইটে গিয়ে এ সুবিধা নিতে পারবেন।
